তাকলীদ কি ?
তাকলীদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে- অনুসরণ বা অনুকরণ করা। আর পারিভাষিক অর্থে বলা হয়, ‘কোন ধরণের প্রমাণাদি চাওয়া ব্যতীত কোন মুজতাহিদ ইমামের জ্ঞান ও সততার উপর দৃঢ বিশ্বাস রেখে তার দেখানো পথের অনুসরণ করা’। আর অন্তরে এ কথা বিশ্বাস করা যে, উদ্ভূত মাসালায় ইমাম সাহেব নিশ্চিত কোরআন-হাদিসের আলোকে সমাধান করেছেন । আর তিনি আমার চেয়ে জ্ঞানে ও আমলে এগিয়ে থাকায় আমি তার কথাটির অনুকরণ করছি এবং বিশ্বাস করি যে, তার কথায় কোরআন-হাদিসের বা ইজমা-কিয়াসের দলিল বিদ্যমান রয়েছে ।
তাকলীদ হচ্ছে দু’প্রকার –
১ – তাকলিদে মুতলাক
২ – তাকলিদে মুকাইয়াদ
তাকলিদে মুতলাক বা স্বাধীন তাকলীদ হচ্ছে, নির্দিষ্ট কোন এক ইমাম ব্যতীত বিবিধ মাসালায় বিভিন্ন ইমাম বা মাযহাবের অনুকরণ করা। অপরদিকে, নির্ধারিত কোন এক ইমাম বা মাযহাবের অনুসরণ করাকে তাকলিদে শাখসী বা নির্দিষ্ট তাকলীদ বলে।