চতুর্থ হিজরীর পূর্বে কি তাকলীদ ছিল ?
সম্মানীত পাঠক,
আহসানাল্লাহু ইলাইকুম !
উপরোক্ত শিরোনামের উপর সংক্ষেপে কয়েকটি কথা বলি। যারা শারীয়ার ইতিহাস পড়েছেন, তাদের অবশ্যই জানা থাকার কথা যে, তাকলীদে শাখসী বা ব্যক্তির অনুসরণ সাহাবা যুগ থেকেই প্রমাণিত। যা আমরা পুর্বে আলোচনা করেছি ।
আমাদের দেশে অনেক দ্বীনি ভাই বলে থাকেন যে, হানাফী মাজহাব মানেই তাকলীদে শাখসী আর তাকলীদে শাখসী হারাম !
তাদের দাবী-দাওয়ার দু'টা বিষয় -
১. হানাফীরা শুধু তাকলীদে শাখসী করে
২. তাকলীদে শাখসী হারাম
একদিন পড়তে পড়তে এক পর্যায়ে শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রাহঃ এর ফতোয়া সমগ্রে চমৎকার একটা হিস্ট্রি পেলাম। যেখানে তাকলীদ শাখসির কথা যেমন এসেছে, তেমনি হানাফী ছাড়া অন্যান্য মাজহাবেও তাকলীদে শাখসী করে, তার যুৎসই প্রামাণ্য রয়েছে।
ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন -
والاوزاعي إمام أهل الشام وقد كانوا على مذهبه الى المأة الرا بعة
সরল বঙ্গানুবাদ -
“ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহ ( তিঁনি দ্বিতীয় শতকের ইমাম ছিলেন ) একজন ইমাম ছিলেন। শামবাসীগণ চতুর্থ শতক পর্যন্ত তার মাজহাবের উপর ছিলো”।
সূত্র - ( ২/৫৩৮)
ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর ছোট্ট এই তথ্যকণিকা থেকে কয়েকটা বিষয় স্পষ্ট হয়ে যায় -
১. দ্বিতীয় হিজরী থেকে নিয়ে চতুর্থ হিজরী পর্যন্ত উম্মাহের বিশাল একটা অংশ ( শামঃ মূলত বর্তমান চারটা দেশের সমন্নয়ক ) নির্ধারিত এক মাজহাবের অনুসারী ছিল বা তাকলীদে শাখসী করতেন।
২. তাকলীদে শাখসী হানাফী ছাড়াও আরো অন্যান্য মাজহাবে বিভিন্ন সময়ে আমল হয়েছে। শুধু হানাফীদের উপর চাপিয়ে দেওয়া অন্যায়।
৩. দ্বিতীয় হিজরী থেকে নিয়ে চতুর্থ হিজরী পর্যন্ত তাকলীদে শাখসী করেছে শামবাসী। এ থেকে কি প্রমাণিত হয় ? তাকলীদে শাখসী নিয়ে যারা তুলকালাম করেন, তারা শামবাসী সবাইকে পথভ্রষ্ট বলবেন ? শামে তো তৎকালীন সময়ে অসংখ্য মুহাদ্দীস, মুফাসসির কিংবা ফকীহ ছিলেন !
জাযাকুমুল্লাহু খাইরান