প্রথম অধ্যায় · মাযহাব

মাযহাব মানেই কি তাকলিদে শাখসি ?

মাজহাব মানা কি তাকলীদে শাখসি বা ব্যক্তির অনুসরণ ? মাজহাব মানা কি কোন ব্যক্তির কথার অনুসরণ , নাকি কোর’আন-হাদিসের অনুসরণ ? এ ব্যাপারে বেশ কিছু ভুল বুঝাবুঝি আছে । বক্ষমান লেখায় চেষ্টা করবো ভুলের নিরশন করতে , ইনশা আল্লাহ !

প্রথমত –

যে কোন মাজহাব মানা কি তাকলীদে শাখসী করা ? নাহ ,এটা একটা ভুল ধারণা । অনেক মানুষে মনে করেন যে , মাজহাবের অনুসরণ মানেই সেই মাজহাবের ইমামের একক অনুসরণ করা । বস্তুত , এটা ভুল বুঝাবুঝি মাত্র । তিনটি কারণ রয়েছে –

১ – একটা মাজহাব অনুসরণ করার অর্থ হচ্ছে ,সে মাজহাবের সকল মুফতা বিহি মত ( যে মতে ফতোয়া রয়েছে ) মান্য করা । আর মুফতা বিহি মত কিন্তু সব সময় মাজহাবের ইমামের হয়ে থাকে না । বরং , মাজহাবের অন্যান্য ইমামেরও হয়ে থাকে । একটা মাজহাবে একাধিক মুজতাহিদ ইমাম থাকেন , সকলের মতই কোন না কোন মাসালায় প্রাধান্য পেয়ে থাকে । তাহলে একক ইমামের অনুসরণ রইল কি করে  ?

২ – প্রত্যেক মাজহাবে দেখা যায় , ইমামের ছাত্রগণ দলিলের ভিত্তিতে খুদ ইমামের সাথে মতবিরোধ করেছেন ।এবং কখনো ছাত্রদের মতামতে ফতোয়া সিদ্ধ হয়ে থাকে । তাহলে একক ইমামের অনুসরণ বাকি থাকে কি করে ?

৩ – দিন যতো অগ্রসর হচ্ছে , বিভিন্ন সমসাময়িক সমস্যা আবিস্কার হচ্ছে । এসব সমস্যার শার’ঈ সমাধান দিয়ে থাকেন জীবিত বড় বড় মুফতিগণ এবং মাজহাবের অনুসারিগণ সেই মুফতিদের ফতোয়া অনুসরণ করে থাকেন । তাহলে মাজহাবে আর একক অনুসরণ বাকি রইল কোথায় ?

দ্বিতীয় –

হানাফী মাজহাব বলতে কি তাকলীদে শাখসী বা একজন ব্যক্তির অনুসরণ বুঝায় ? প্রসঙ্গক্রমে এই বিষয়ে আলোচনা জরুরী মনে করছি ।কারণ , আমাদের দেশের অধিকাংশ মানুষ হানাফি অনুসারী হওয়ায় , এই প্রশ্নের প্রায়ই সম্মুখীন হতে হয় ।

অনেকের একটা ভুল ধারণা আছে যে, যারা হানাফী মাজহাব অনুসরণ করেন, তারা একজন ব্যক্তি তথা ইমাম আবু হানীফা রাঃ তাকলীদ করেন।

ধারণাটি মোটেও সঠিক নয় । হানাফী মাজহাব সূচনা লগ্নে চল্লিশজন মুজতাহিদ ফোকাহায়ে কেরামের সমন্বয়ে চয়িত হয়েছে। তারপর থেকে, মোট সাতটা পর্যায়ক্রম পার হয়ে আমাদের পর্যন্ত পৌঁছেছে। প্রতিটা ক্রমে যুগের মুজাদ্দীদ,মুহাক্কীক, মুজতাহিদ ফোকাহায়ে কেরাম অনেক কিছু রদবদল ইত্যাদি করেছেন। কোরান-সুন্নাহের নিকটবর্তী বিশুদ্ধতম মতটি গ্রহণ করেছেন৷

সুতরাং, হানাফী মাজহাব মানে শুধু ইমাম আবু হানীফার মাজহাব না। হানাফী মাজহাবের সূচনাতেই অসংখ্য মাসালায় ইমামে আ'জমের মতকে রহিত করে ভিন্ন মত গৃহীত হয়েছে। তারপর থেকে ইমাম আবু ইউসূফ, ইমাম মোহাম্মাদ, ইমাম জূফর, ইমাম আবুল হাসান শায়বানী, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ - সহ অসংখ্য ইমামের অগণিত ইজতেহাদ বা মত হানাফী মাজহাবে অনুপ্রবেশ করেছে৷ যারজন্য, আমাদের মাজহাবের নাম আবু হানীফা মাজহাব না হয়ে হানাফী মাজহাব হয়েছে। অর্থাৎ, ইমাম আবু হানীফা রাঃ থেকে সূচনা, তবে তার পরবর্তীতে অসংখ্য মুজতাহিদ ফোকাহাদের ইজতেহাদ ও গবেষণার সংমিশ্রণ ঘটেছে।

অতএব, যারা বলেন হানাফীরা তাকলীদে শাখসী বা এক ব্যক্তির অনুসরণ করে, তাদের কথা ভ্রান্ত ও মিথ্যা অপবাদ৷ এসব কথার কোন ভিত্তি নাই। হানাফী মাজহাব মূলত যুগে যুগে শ্রেষ্ট মনীষাদের গবেষণার চূড়ান্ত ফসলের নাম। কোন একক মতামত বা গবেষণার নাম না। বিস্তারিত , আমরা হানাফি মাজহাবের অধ্যায়ে আলোচনা করবো ইনশ আল্লাহ !

আরো বিস্তারিত জানতে - মানাকিবুল ইমাম আবু হানীফা রাঃ বইয়ের ৬/৭/৮ পৃষ্ঠা পড়ুন। বই পড়ুন, ইতিহাস জানুন, ইনশাআল্লাহ সব সন্দেহ ও অপবাদ ধুলিমাখা হয়ে যাবে।

এছাড়া ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে ,

الفقه على المذاهب الأربعة

এই কিতাবের মধ্যে হানাফি মাযহাবের মত যেখানে এসেছে, যেই মাসয়ালার ক্ষেত্রে এসেছে, সেখানেই বলা হয়েছে,

الحنفية قالوا

যদি ইমাম আজম আবু হানিফ রাঃ এর ব্যক্তিগত মাযহাব হতো তাহলে তো বলা হতো ,

قال أبي حنيفة النعمان بن ثابت رضي الله عنه.

আবু হানিফা নোমান ইবনে সাবেত রাহিমাহুল্লাহ বলেছেন! অর্থাৎ,এইভাবে বলা উচিৎ ছিল।

 কিন্তু আমরা দেখেছি যে হানাফি মাযহাবের ফতোয়া যেখানেই এসেছে সেখানেই বলা হয়েছে,

 الحنفية قالوا

যেহেতু এখানে হানাফীয়্যাহ শব্দ ব্যবহার করা হয়েছে, সেহেতু এখানে ইমাম আজম আবু হানিফ রাঃ এর ব্যক্তিগত মত নয়।বরং তাঁর সাথে যুক্ত আছেন বহু ফক্বীহ- মুজতাহিদগণ। যার কারণে বহুবচন এর সিগাহ ব্যবহার করা হয়েছে।

এখন আমরা কয়েকটা উদাহরণ দেখে নেই , যেখানে ইমামে আজম আবু হানীফা রাহ, এর মতের উপর হানাফী মাযহাবে ফতোয়া না হয়ে বরং উনার ছাত্রদের মতের উপর ফতোয়া রয়েছে ।

হানাফী মাযহাবে ইমাম আবু ইউসুফ রহ. এর মতের উপর ফতোয়া

১. ইমাম আবু হানীফা রহ. এবং মুহাম্মদ রহ. এর মতে এক বিচারক যখন ফায়সার জন্য অন্য বিচারকের কাছে পত্র লিখে। তখন উক্ত পত্রে কি লিখা আছে তা পত্রবাহককে পড়ে শুনিয়ে তারপর তার সামনে সিলমহর মেরে হস্তান্তর করতে হবে। নতুবা এই পত্রটি বিচার কার্য সমাধার জন্য কার্যকরী হবেনা। পক্ষান্তরে ইমাম আবু ইউসুফ রহ. এর মতে কেবল পত্র লিখে তা বাহককে না জানিয়েও তা অন্য বিচারকের কাছে প্রেরণ করলে এ দ্বারা বিচার কার্য পরিচালনা করা যাবে। এই মতের উপরই ফতোয়া। সুতরাং এখানে ইমাম আবু হানীফা রহ. ও মুহাম্মদ রহ. এর মত আমলযোগ্য নয়।

সূত্র - হেদায়া-৩/১২৩-১২৪

২. যখন কোন বোকা টাইপের স্বাক্ষ্য কাযীর মজলিসে স্বাক্ষ্য দিতে হাজির হয় তখন স্বাক্ষিকে বিচারক স্বাক্ষ্যের পদ্ধতি শিখিয়ে দিতে পারবেনা। এটা জায়েজ নয় ইমাম আবু হানীফা রহ. ও মুহাম্মদ রহ. এর মতে। কিন্তু ইমাম আবু ইউসুফ রহ. এর মতে অবুঝ ব্যক্তিকে শিখিয়ে দেয়া কেবল জায়েজই নয় উত্তমও। এই মতের উপরই ফতোয়া।

সূত্র - ফাতওয়ায়ে শামী-৮/৫৩

ইমাম মুহাম্মদ রহ. এর মতের উপর ফাতওয়া

১. মিরাস তথা ত্যাজ্য সম্পত্তি বন্টনের প্রায় সকল মাসআলায় ইমাম মুহাম্মদ রহ এর বক্তব্যের উপর ফতোয়া।

২. ইমাম আবু হানীফা রহ. এর মতে ওযুর পানি নাপাক। তাই এটি গায়ে লাগলে কাপড় নাপাক হয়ে যাবে। আর ইমাম মুহাম্মদ রহ. বলেন-অযুর পানি পাক। তবে এর দ্বারা পবিত্রতা অর্জন করা যাবেনা। ফাতওয়া এই মতের উপর।

ইমাম যুফার রহ. এর মতের উপর ফাতওয়া

১. যে অসুস্থ্য ব্যক্তি দাড়িয়ে নামায পড়তে পারেনা সে ব্যক্তি যেভাবে ইচ্ছে বসে নামায পড়তে পারবে ইমাম আবু হানীফা রহ. এবং আবু ইউসুফ ও মুহাম্মদ রহ. এর মতে। কিন্তু ইমাম যুফার রহ. এর মতে তাশাহুদের সুরতে বসে নামায পড়তে হবে। ফাতওয়া এই মতের উপর। (ফাতওয়ায়ে শামী-২/৫৬৫)

২. তিন ইমামের মতে বাড়ির আঙ্গিনা দেখার দ্বারা ক্রয় করার সময়ের দেখার হক সাকিত হয়ে যায়। কিন্তু ইমাম যুফার রহ. এর মতে বাড়ির আঙ্গিনা দেখার দ্বারা ভিতরাংশ দেখার হক সাকিত হয়না। এই মতে উপরই ফিক্বহে হানাফীর ফাতওয়া। (ফাতওয়ায়ে শামী-৭/১৫৮)

হানাফী মাযহাবে এরকম বেশ কিছু ফতোয়া দেখা যায় , যেখানে ইমামের ছাত্রের মতের উপর মাযহাবের ফতোয়া রয়েছে । অতএব , মাযহাব মানেই তাকলিদে শাখসি বা একক ব্যক্তির সব মত অনুসরন করা এমনটা বলা অযৌক্তিক ।

হাফিজাকুমুল্লাহ !