প্রথম অধ্যায় · মাযহাব

একই সাথে চার মাযহাব মানা যাবে কি?

অনেক ভাই আছেন, যারা খিয়ার ফিল মাযহাব বা মন চাহিদা নির্ভর  - যখন যে মাযহাব ইচ্ছা ; সেটাই মানেন৷ অর্থাৎ,  যে মাযহাবের মাস'আলাটা নিজের অবস্থার অনূকূলে হয়,  তখন সে মাযহাবের মাস'আলাকেই গ্রহণ করেন।

তাদের কারো কারো ভাষ্য মতে, তারা মূলত চার মাযহাব মানার দাবী করে বলেন, আমি চার মাযহাবের যখন যেটা শক্তিশালী হবে, তখন সেটাই মানব ।

আবার, অনেকেই বলে থাকেন - চার মাযহাব সত্য। তাহলে যে এক সাথে চার মাযহাব বা যখন যেটা ইচ্ছা, সেটা মানলে অসুবিধা কোথায় ?  চার মাযহাবই তো সত্যই !

স্পেশালি, আমি নিজে এই প্রশ্নের অনেক সম্মুখীন হয়েছি। যারা প্রশ্ন করেছিলেন, তাদের সবাইকে জাস্ট বলেছিলাম - প্রত্যেক মাজহাবের মূলনীতি ও মাস'আলা বর্ণনার প্যাটার্ন ভিন্ন। আপনি একাধিক মাজহাব একই সঙ্গে অনুসরণ করতে গেলে অনেক সময় আমল নিয়ে বিপাকে পরতে হবে বা আমল নষ্ট হয়ে যাওয়ার কারণ ও কখনো হতে পারে৷

এই লেখায় সেটাই বুঝাতে চাইবো যে, এক সাথে দু'মাজহাব বা সুবিধাজনক মাস'আলা অনুসরণ করলে কিভাবে আমল নষ্ট হয়ে যায়   -

ধরুন,  আলোচনাটা হোক হানাফী ও শাফেয়ী মাজহাবদ্বয়ের ভিন্ন দু'টি দৃষ্টিভঙ্গি নিয়ে -

শুরুতেই দু'টা মাসআ'লা উল্লেখ করে নেই -

১. কারো শরীর থেকে রক্ত বের হলে ওজু ভঙ্গ হবে কি না  ___ হানাফী মাজহাবের মতে ওজু ভেঙ্গে যাবে। শাফেয়ী মাজহাবের মতে ওজু ভঙ্গ হবে না।

২. কোন প্রাপ্ত বয়স্ক পুরুষ যদি গাইরে মাহরাম মহিলাকে পর্দা ছাড়া স্পর্শ করে তাহলে তার ওজু ভঙ্গ হবে কি না ___ হানাফী মাজহাব মতে ওজু ভঙ্গ হবে না৷ শাফেয়ী মাজহাব মতে ওজু ভঙ্গ হবে৷

এবার ধরুন,

একজন সুবিধাজনক ব্যক্তি, যিনি সবসময় চার মাজহাব থেকে সহজ ও অনুকূলে মতের উপর আমল করতে চান। উনার যদি শীতের দিনে কখনো গায়ে থেকে রক্ত বের হয়, তাহলে তিনি সুবিধাজনক হিসেবে শাফেয়ী মাজহাবের মত গ্রহণ করে বলবেন __ আমার ওজু ভঙ্গ হয় নাই। এ ক্ষেত্রে হানাফী মাজহাব অনুসরণ করবেন না, কারণ হানাফী মত গ্রহণ করলে শীতের দিনে ওজু পূণরায় করতে হবে!

উনি পরক্ষণেই ভুলে কিংবা যেভাবে হোক - পর্দা ছাড়া কোন গাইরে মাহরাম মহিলাকে স্পর্শ করলেন। এবার চিন্তা করলেন যে, এতে ওজু ভঙ্গ হয়ে গেলো কি না?  চিন্তা করে দেখলেন,  হানাফী মাজহাব মতে তো এমতাবস্থায় ওজু ভঙ্গ হবে না। তাই হানাফী মত গ্রহণ করলেন এবংশাফেয়ী মত পরিত্যাগ করলেন। কারণ, শাফেয়ী মত গ্রহণ করলে তাঁকে পূণরায় ওজু করতে হবে৷

লোকটি প্রথম মাস'আলা তথা রক্ত ঝরার ইস্যুতে শাফেয়ী মত গ্রহণ করেছেন এবং দ্বিতীয় মাস'আলা তথা গাইরে মাহরাম মহিলাকে স্পর্শ করার ইস্যুতে হানাফী মত গ্রহণ করেছেন৷ অর্থাৎ,  দু'টা পৃথক মাস'আলায় দু'টা ভিন্ন মাজহাব থেকে নিজের সুবিধার মতটা গ্রহণ করেছেন৷ ফলে উনার আর ওজু করতে হয়নি। রক্ত ঝরা এবং গাইরে মাহরাম মহিলাকে স্পর্শ করা সত্ত্বেও নতুন ওজু না করে এমতাবস্থায় নামাজ আদায় করলেন।

নামাজ আদায় করে উনার স্মরণে এলো যে, নামাজ তো পড়ে নিলাম। তবে এবার দু'জন হুজুরকে জিজ্ঞেস করে নেই - আমার নামাজ হলো কি না ? 

১ - প্রথমে চলে গেলেন হানাফী মাজহাবে দীক্ষিত একজন মুফতির কাছে, গিয়ে উপরোক্ত ঘটনা বর্ণনা দিলেন -

মুফতি সাহেব ফতোয়া দিলেন - আপনার নামাজ হয় নাই। কারণ, শরীর থেকে রক্ত ঝরলে ওজু ভঙ্গে হয়ে যায়৷ আপনার ওজু নামাজের পূর্বেই ভঙ্গ হয়ে গেছে। কিন্তু আপনি নতুন ওজু করেন নাই। ফলে, আপনি ওজুবিহীন নামাজ আদায় করেছেন। আর ওজুবিহীন নামাজ কখনো হয়  না৷

হানাফী মুফতির কাছে নিরাশ হয়ে চলে গেলেন -

২ - শাফেয়ী মাজহাবে দীক্ষিত ও পান্ডিত্বপূর্ণ একজন মুফতি সাহেবের কাছে৷ গিয়ে উপরোক্ত ঘটনা বর্ণনা দিলেন -

শাফেয়ী মাজহাবের মুফতী ফতোয়া দিলেন - আপনার নামাজ হয় নাই। কারণ, আপনি ওজু অবস্থায় গাইরে মাহরাম মহিলাকে স্পর্শ করেছেন৷ আর এই স্পর্শের কারণে আপনার ওজু ভঙ্গ হয়ে যায়। কিন্তু, আপনি নামাজের পূর্বে নতুন ওজু করেন নাই। আর ওজু ছাড়া নামাজ কখনো হয় না।

 কি এক অবস্থা ! উভয়টি মানতে গিয়ে কারো দৃষ্টিতেই নামাজ হলো না । যদিও এটা একটা উদাহরণ ; তথাপি এক সাথে একাধিক মাজহাব অনুসরণের শেষ পরিণতি প্রায় এমনটি হয়ে থাকে।

যাহোক প্রিয় পাঠক ,

আলোচিত বিষয়টি দলিল-আদিল্লাহ সহ পেশ করলে অনেক লম্বা লেখার দরকার। তাই অতি সংক্ষেপে বিষয়টি বুঝানোর চেষ্টা করলাম। আশাকরি, সুবিধাজনক বা যখন যে মাজহাব ইচ্ছা ; সে মাজহাব মানার চেষ্টা করবেন না৷ মাজহাব মানলে একটা মাজহাবকে দলিলের ভিত্তিতে গ্রহন করবেন । মাজহাব মানার নামে নতুন আরেকটা পথ - খেয়ার ফীল মাজহাব বা মাজহাবে স্বেচ্ছাচারীতা আবিস্কার করবেন না৷

আর মন চাহিদা মাজহাব মানা সালাফগণ হারাম ফতোয়া দিয়েছেন । শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ  বলেন –

فيكونون في وقت يقلدون من يفسده وفي وقت يقلدون من يصححه بحسب الغرض والهوى ومثل هذا لايجوز باتفاق الائمة ونظير هذا ان يعتقد الرجل  ثبوت شفعة الجوار اذا كان طالبا لها ويعتقد عدم الثبوت اذا كان مشتريا فان هذا لايجوز بالاجماع...لان ذالك يفتح باب التلاعب بالدين وفتح للذريعة الى ان يكون التحليل والتحريم بحسب الاهواء.

অর্থঃ স্বার্থ ও প্রবৃত্তির অনুকূলে হলে তারা সেই ইমামের অনুসরণ করে যিনি তাদের স্বার্থ অনুযায়ী বিষয়টি নাজায়িয বলে ফাতাওয়া দেন। আবার স্বার্থের বিপরীত হলে সেই একই ব্যক্তিবর্গ এমন ইমামের অনুসরণ করেন যিনি বিষয়টি জায়িয বলে ফাতাওয়া দেন। প্রবৃত্তির এমন লাগামহীন গোলামী সকল ইমামের মতেই নাজায়িয ও অবৈধ। এ জাতীয় বিষয়ের একটি উদাহরণ হল, নিজে প্রতিবেশী ও দাবীদার হলে প্রতিবেশী হওয়ার ভিত্তিতে ‘ক্রয়ে অগ্রগন্যতার হক’ বৈধ বলা আর নিজে ক্রেতা হলে প্রতিবেশীর জন্য তা অবৈধ বলা। এভাবে খুঁজে খুঁজে প্রতিটি বিষয়ে স্বার্থের অনুকূল মাযহাব অনুসরণ করা এবং সে অনুযায়ী আমল করা ইজমা তথা সকলের ঐক্যমতে বৈধ নয়। কারণ এটা দ্বীন নিয়ে খেলতামাশার পথ উন্মুক্ত করে দেয় এবং নিজ খেয়ালখুশি অনুযায়ী হারাম-হালাল নির্দিষ্ট করণের পথ খুলে দেয়।  (ফাতাওয়া ইবনে তাইমিয়্যা ৩২/১০০-১০১)

নির্ধারিত কোন এক মাজহাব অনুসরণ এর প্রচলন অনেক প্রাচীন ও মুতাকাদ্দিমীন উলামা থেকে প্রমাণিত। এসব আলোচনা কোন আহলে ইলমের কাছে গোপন নয়।

শুধু কি তাই ?  পরিবেশ-পরিস্থিতি ও বিশেষত শায়খ বিবেচনায় অনেক মোহাদ্দিসগণ নির্ধারিত এক মাজহাব থেকে অন্য এক নির্ধারিত মাজহাবে পরিবর্তিত হওয়ার বর্ণনা আছে।

যেমন ধরুন -

১. ইমাম তাহাবী রাহ. শাফেয়ী মাজহাব থেকে হানাফী মাজহাবে পরিবর্তিত হোন।

২. ইমাম ইবনু দাকীক রাহ. মালেকি মাজহাব থেকে শাফেয়ী মাজহাবে পরিবর্তিত হোন।

৩. ইমাম আবু ছাওর রাহ. হানাফী মাজহাব থেকে শাফেয়ী মাজহাবে পরিবর্তিত হোন।

৪. ইমাম ইবনে ফারিস রাহ. শাফেয়ী থেকে মালেকি মাজহাবে পরিবর্তিত হোন।

৫. ইমাম ইবনুদ দাহহান রাহ. হাম্বলী মাজহাব থেকে হানাফী মাজহাবে পরিবর্তিত হোন।

৬. ইমাম আবু হাইয়ান রাহ. জাহিরী মাজহাব থেকে শাফেয়ী মাজহাবে পরিবর্তিত হোন।

সূত্র  - ফায়জুল কাদীর, ১/২১১

শাফেয়ী মাজহাবের প্রসিদ্ধ ব্যক্তি, ইমাম সুয়িতী রাহ. তার প্রসিদ্ধ গ্রন্থ ' জাযিলুল মাওয়াহিব ফি ইখতিলাফিল মাজাহিব ' গ্রন্থে এমন অনেক সালাফদের নাম উল্লেখ করেন, যারা অন্যান্য মাজহাব থেকে শাফেয়ী মাজহাবে পরিবর্তিত হোন। একইভাবে,  শায়খ জাকারীয়া রাহ. তার অনবদ্য গ্রন্থ ' লামিউদ দারারী  শরহে বুখারীতে' অনেক মুহাদ্দিস ও ইমামের নাম উল্লেখ করেছেন, যারা অন্যান্য মাজহাব থেকে হানাফী মাজহাবে পরিবর্তিত হোন।

সূত্র  - আল-ই’তিমাদ ফি তাওদীহিল ইকতিসাদ,  ১২০

নির্ধারিত হক্বপন্থি কোন মাজহাব এর অনুসরণ করা দোষনীয় কিছু নয়। বরং, নফসের খাহেশাত কিংবা দ্বীনের ব্যাপারে স্বেচ্ছাচারীতা থেকে বাঁচা যায়। এজন্য শায়খ উছাইমীন রা. বলেন -

'কোন মাজহাবে সম্পৃক্ততা থাকার ব্যাপারে মানুষ তিন প্রকার।  এক.  যারা নির্ধারিত কোন এক মাজহাব অনুসরণ করবে এই ধারণায় যে, এটা ইখতেলাফী মাসালায় বিশুদ্ধতার সবচেয়ে নিকটবর্তী রয়েছে।… '

সূত্র  - মাজমু'উ ফাতাওয়া ওয়া রাসাইলিহি ২৬/২৮৫

আল্লাহ তা’লা আমাদের সবাইকে সালাফদের পথের উপর চলার তাওফীক দান করুক – আমীন ।