মাযহাব কেন ?
মাযহাব এর সংজ্ঞা বুঝার পর আমাদের জানা প্রয়োজন যে, কোরআন-হাদীস থাকতে মাযহাবের প্রয়োজন কি ?
উত্তর হলো , মাযহাব এর সংজ্ঞায় আমরা আলোচনা করেছি যে, মাযহাব মূলত অকাট্য দলীল দ্বারা প্রমাণিত কিংবা সুস্পষ্ট নয়- এমন শাখাগত বিষয় নিয়ে আলোচনা করেছে । এখন জানা দরকার, সেই শাখাগত বিষয়গুলো কি? আর এটা পরিষ্কার হলে কোরআন-হাদীস থাকতে মাজহাবের প্রয়োজনীয়তা কি বা কতটুকু, তা বুঝে আসবে।
বিষয়টি একটা মাসআলা ও আমার বাস্তব ঘঠনার মাধ্যমে তুলে ধরছি।
মদীনাতুর রাসূলে থাকাকালীন সময়ে গ্রীষ্মের ভরদুপুর পড়ন্ত বিকেলে মদীনা বিশ্ববিদ্যালয়ের হলের চারপাশে সারিবদ্ধ খেজুর গাছের নিচে বসে সূরা নূরের বঙ্গানুবাদ পড়তেছিলাম। শারীয়াতের বিভিন্ন মাসাইল সমৃদ্ধ এই সূরা পাঠ ও হৃদয়াঙ্গম চমৎকার লাগে৷ একবার পড়ে দেখবেন, ভালো না লেগে উপায় নাই !
যাহোক, সূরা নূরের বঙ্গানুবাদ পড়তে পড়তে এক পর্যায়ে নিচের আয়াতে এসে থমকে গেলাম। মোটেও সামনে আগাতে পারলাম না –
الزَّانِي لَا يَنْكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لَا يَنْكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ وَحُرِّمَ ذَلِكَ عَلَى الْمُؤْمِنِينَ
সূরা আন-নূর ,আয়াত নং - ৩
বঙ্গানুবাদ - “ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী নারী অথবা মুশরিকা নারীকেই বিয়ে করে এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী অথবা মুশরিক পুরুষই বিয়ে করে এবং এদেরকে মুমিনদের জন্যে হারাম করা হয়েছে’”।
বঙ্গানুবাদ পড়ে বড় আশ্চর্য হলাম ! মাথায় দু'টি প্রশ্ন ঘুরপাক করছিল-
১. একজন জিনাকারী আরেকজন জিনাকারিনীকে আল্লাহ তা'লা বিবাহ করার কথা বলছেন। কিন্তু বিষয়টা কেমন দাঁড়ায় ? কারণ, কে জিনাকারী আর কে পুতপবিত্র, তা বুঝব কি করে ?
২. একজন জিনাকারীকে মুশরিক বিয়ে করার কথা বলছেন।
অথচ আল্লাহ তাআলা অপর আয়াতে মুশরিকদের সাথে বিবাহ নিষেধ করেছেন - যেমন,
ولا تنكحوا المشركات حتى يؤمن
অর্থাৎ, “যতক্ষণ না ঈমান আনবে, ততক্ষন মুশরিকদের বিবাহ করা যাবে না”৷ সূরা আল-বাকারা ,আয়াত নং - ২২১
বড্ড বিপাকে পড়লাম ! এক আয়াতে আল্লাহ তা'লা মুশরিকদের সাথে বিবাহের কথা বলছেন, অপর আয়াতে নিষেধাজ্ঞার কথা! কী ব্যাপার !
মনে তখন ভাবনা এলো,
শুধু বাংলা অনুবাদ দিয়ে কোরআনের সবকিছু বুঝা আমার জন্য সম্ভব না। এই কোরআন বুঝতে শত শত তাফসীর গ্রন্থ রচিত হয়েছে। হাজারো হাদিসে কোরআনের ব্যাখ্যা রয়েছে। তাই নিছক বাংলা পড়ে কোরআন পূর্ণাঙ্গ বুঝা আমার পক্ষে সম্ভব না৷
ভাবলাম,তাফসিরে ইবনে কাসীরের সহযোগিতা নেই। তাফসির বের করতেই দেখি ইবনে কাসীর রাঃ বলেছেন –
قال عبد الله بن عباس : ليس هذا بالنكاح، إنما هو الجماع
টাস্কিত খেলাম ! সারাজীবন পড়ে আসলাম, نكاح এর অর্থ বিবাহ, এবার জানতে পারলাম নিকাহ এর অপর অর্থ جماع তথা সঙ্গম করা !
যাহোক, সাহাবা রাঃ এর তাফসীর এটা ; না মেনে উপায় নাই। তাহলে এবার আয়াতের পূর্ণাঙ্গ ব্যাখ্যা হলো –
‘একজন জিনাকারী অপর জিনাকারিনী মহিলার সাথে খারাপ কাজ করবে অথবা কোন মুশরিকের সাথে। কোন ভালো-সালেহ বান্দা এই কাজ করতে পারে না’৷
মোটামুটি একটা হৃদয়াঙ্গমে পৌছলাম। তবে আরো কতো বিষয় মনে ঘুরপাক করছে। কিন্তু কোথায় বা কি পড়লে এর উত্তর পাবো, তা বুঝতে পারছিলাম না৷
এরপর মনে প্রশ্ন জাগলো -
আচ্ছা ধরে নিলাম, নিকাহ দ্বারা সঙ্গম করা উদ্দেশ্য। তবে একজন জিনাকারী ও জিনাকারীনীর বিবাহের হুকুম কি হবে ?
তাফসিরে ইবনে কাসীরে উপরোক্ত আয়াতের সব ব্যাখ্যা পড়লাম। সম্পূর্ণ সমাধান পেলাম না। ভাবলাম, কোরআনেও স্পষ্ট পেলাম না৷ হাদিসেও পেলাম না৷ কারণ হাদিসে থাকলে ইবনে কাসীর রাহঃ সাধারণত উল্লেখ করে থাকেন। এতেও পেলাম না। তাহলে বাকি শুধু ফিকাহ এর কিতাবাদী !
খেজুর বাগান থেকে দৌঁড়ে রুমে আসলাম। টেবিলের উপর এলোপাতাড়ি রেখে দেওয়া ফিকাহ'র কিতাবসমূহ থেকে ‘বিদায়াতুল মুজতাহিদ’ হাতে নিলাম !
বিবাহ অধ্যায় বের করলাম। এক একটা পৃষ্টা উল্টিয়ে উপরোক্ত মাসালাটি খুঁজতে লাগলাম। এক পর্যায়ে দেখতে পেলাম লেখা -
ما حكم نكاح الزاني / الزانية ؟
একজন জিনাকারী / জিনাকারিনীর বিবাহের হুকুম কী ?
অতঃপর মাসআলাটির সমাধান পেয়ে খুবই খুশী হলাম। তবে মাসালাটি এতে দেখতে সহজ বোধ হলেও কোরআনের বাহ্যিক বর্ণনায় অনেক জটিল !
মূল খোলাসা হলো এভাবে -
একজন সৎ ও পবিত্র লোক কখনো কোন জিনাকারী মহিলাকে বিবাহ করা বিশুদ্ধ হবে না। যেহেতু আল্লাহ তা'লা পবিত্র কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন - জিনাকারী অপর জিনাকারিনী ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারে না৷ তবে ওই মহিলা / পুরুষ যদি খালেসভাবে আল্লাহর কাছে তাওবা করে নেয়, তবে তার সাথে বিবাহ শাদী জায়েয আছে। কেননা,আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন -
التائب من الذنب كمن لا ذنب له
‘একজন তওবাকারী খালেস তাওবা করলে এমন হয়ে যায়, যেন তার কোন গুনাহই নাই’। ইবনে মাজাহ ,৪২৫০
হাদিসের ভাষ্য মতে জিনাকারী/জিনাকারিনী তাওবা করে নিলে তার গুনাহ মাফ হয়ে যায়। ফলে সে অন্যান্য লোকের মতো সালেহ ও পবিত্র হয়ে যায়৷ অতএব, জিনাকারি/জিনাকারিনী যদি তাওবা করে নেয়, তাহলে তাদের সাথে বিবাহ শাদী বৈধ ৷ আর এই মতটা ইমামে আজম আবু হানীফা রাঃ সহ অধিকাংশ উলামায়ে কেরামের।
চিন্তা করুন,
মুজতাহিদীনে কেরাম একটা কঠিন মাসালাকে কতইনা সহজ করে সমাধান দিয়েছেন। আর যেই সমাধানটা দিয়েছেন , সেটাই হচ্ছে মাজহাব । তাহলে আপনারা অবশ্যই এতক্ষণে বুঝতে পেরেছেন যে , কেন মাজহাব এসেছে বা কোরআন-হাদিস থাকা সত্ত্বেও কেন মাযহাব এর আবিস্কার হয়েছে।
আরো একটা বিষয় দেখুন, কুরআন-হাদীসের অধিকাংশ বিধানগুলোর স্তর তথা কোনটা ফরয, ওয়াজিব, সুন্নাহ বা মুবাহ অথবা হারাম, মাকরুহ ইত্যাদির বিবরণ কুরআন-হাদীসে সুস্পষ্টভাবে উল্লেখ নেই। মাযহাবের ইমামগণ গবেষণা করে এগুলো নিধারণ করে সুস্পষ্ট করেছেন।
মোদ্দাকথায় , যে সব বিষয়ে প্রত্যক্ষ কোরআন-হাদিসের বর্ণনা নাই কিংবা স্পষ্ট বর্ণনা নাই ,সেসব বিষয়ে মুজতাহিদীনে কেরামের গবেষণালব্ধ সমাধানকেই মাযহাব বলে৷
অথচ, আমাদের সমাজে কিছু ভাই আছেন ; যারা বলে থাকেন, কোরআন-হাদিস থাকতে মাযহাব কেন ? প্রিয় ভাই, কোরআন-হাদিসের যেসব বিষয়ে স্পষ্ট বর্ণনা আছে, সেগুলোর জন্য মূলত মাযহাব আসে নাই। যেসব বিষয়ে স্পষ্ট আলোকপাত আছে , সেগুলাতে ইমামদের ইত্তেফাক বা ঐক্যমত রয়েছে৷ মাযহাব তো এসেছে মূলত -
১ - অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করতে ।
২ - পারস্পরিক বৈপরীত্য বিষয়ে সমাধান করতে ।
৩ - কোনটি খাস ( নির্দিষ্ট ), কোনটি আম ( অনির্দিষ্ট ) বর্ণনা দিতে ।
৪ - কোনটি রহিত আর কোনটি বহাল, তা বর্ণনা দিতে ।
৫ - নতুন উদ্ভাবনী সকল মাসালার সমাধান দিতে ।
৬ - ভবিষ্যৎ সম্ভাবনাময় সকল সমস্যার সমাধানের জন্য কোরআন-হাদিসের আলোকে একটা মূলনীতি প্রণয়ন করতে ।
৭ - উম্মাহর একতা ও ঐক্য ধরে রাখতে । অথাৎ কোরআন-হাদিসের অনুসরণের নামে যে কেউ বিভিন্ন মতামত প্রদান করে বিশৃংখল অবস্থা তৈরী করতে না পারে।
অনেকে না বুঝে মনে করেন, মাযহাব মানে কোরআন ও হাদিসের মতো তৃতীয় একটা বিষয় । এটা একটা অমূলক ও ভ্রান্ত ধারণা৷ শরীয়তের মৌলিক ও প্রধান উৎস হচ্ছে - কোরআন ও হাদিস। মাযহাব কেবল কোরআন ও হাদিস অনুসরণের সঠিক পথ ও পদ্ধতি সুস্পষ্টভাবে দেখিয়ে দেয়। এছাড়া অন্য কিছু না৷