প্রথম অধ্যায় · মাযহাব

নির্ধারিত কোন মাজহাব না মেনে অধিক শক্তিশালী মত মানা যাবে কি ?

নির্ধারিত কোন মাজহাব না মেনে সকল মাজহাব থেকে অধিক শক্তিশালী মতটা গ্রহণ করা একজন সাধারণ ব্যক্তির জন্য একটা বৃথা প্রচেষ্টা ও অরণ্য রোদন বৈ কিছু না। এ নিয়ে নিচে দালিলিক আলোচনা করবো ইনশা আল্লাহ। শুরুতে , ভূমিকা স্বরুপ কিছু কথা বলি ।

নির্ধারিত কোন মাজহাব না নেমে সকল মাজহাব থেকে অধিক শক্তিশালী মতটা গ্রহণ করতে চাওয়া মানে একটা অসাধ্য বিষয়ে আকাঙ্খা করা । কারণ,

১. অধিক শক্তিশালী মতটা স্পষ্ট ও নির্ণয় করার মতো বিষয় হলে, চার মাজহাব আবিস্কার হওয়ার কোন প্রয়োজন ছিলো না। দরকার ছিলো না এতো মত-পথ তৈরী হওয়ার।

২. অধিক শক্তিশালী মতটা স্পষ্ট হলে এযাবৎ সকল শক্তিশালী মত নিয়ে একটা মাজহাব প্রণয়ন হতো। যেটার নাম হতো শক্তিশালী মাজহাব। কিন্তু, ইতিহাসে এই শক্তিশালী মাজহাব এখনো জন্ম হয় নাই।

৩. অধিক শক্তিশালী মতটা সহসা বের করার মতো হলে এই অধিক শক্তিশালী মত-সমগ্র নিয়ে ফিকহী বই রচিত হতো। কিন্তু, মতানৈক্যর উর্ধ্বে উঠে এযাবৎ নিরংকুশ এমন কোন ফিকহি বই রচনা হয় নাই।

এবার আসি মূল আলোচনায় । জ্বী, হ্যাঁ ! কথা সত্য ; তবে বাস্তবায়ন কঠিন। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, তা হলো - To say is easy but to do is hard।

তার দু'টি কারণ -

১. অস্পষ্ট ও জঠিল বিষয়ে কোর'আন-হাদিসের অধীক নিকটবর্তী মতটা আবিস্কার করার জন্য তো মতানৈক্য বা মাজহাব এসেছে। তো আপনি আবার নতুন করে কি আরেকটা মাজহাব আবিষ্কার করবেন ?

২. মাজহাব সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত যুগ যুগ ধরে আলিম-উলামারা চেষ্টা করে যাচ্ছেন যে, চার মাজহাব ছাড়া কোর'আন-সুন্নাহের অধীক নিকটবর্তী বলে কোন মাজহাব তৈরী করা যায় কি না। কিন্তু, আজ পর্যন্ত কেউ পারেন নাই। সুতরাং, নিশ্চিত থাকেন যে আপনিও পারবেন না।

মোদ্দাকথা,  কোর'আন-সুন্নাহের অধীক নিকটবর্তীটা আমল করি ___ এ কথা মুখে বলা যতোটা সহজ ; কাজে বাস্তবায়ন এতো সহজ না৷ নিকটবর্তী মত নির্ধারণ নিয়েই তো এতসব মতানৈক্য হলো ; তাহলে নতুন করে আপনি আর কি মতানৈক্য তৈরী করবেন ? 

একটা উদাহরণ দেখি আমরা।

ফরজ নামাজে ইমাম সাহেবের পিছনে সূরায়ে ফাতেহাহ পড়ার হুকুম কি ?  এই ব্যাপারে কোর'আন-হাদিসে বহু আলোচনা আছে।

আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন -

" وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون "

অর্থ: আর যখন কুরআন পড়া হয় তখন তা মনোযোগ দিয়ে শ্রবণ কর এবং চুপ থাক। যাতে তোমাদের প্রতি করুণা করা হয়।

এ আয়াত সম্পর্কে হযরত ইবনে আব্বাস রা. এর বক্তব্য তাফসীরে তাবারী (৯খ. ১০৩পৃ.) ও তাফসীরে ইবনে কাসীরে (২খ. ২৮পৃ.) এভাবে উদ্ধৃত হয়েছে-

وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون " يعني في الصلاة المفروضة

অর্থ : যখন কুরআন পড়া হয় তখন তা মনোযোগ দিয়ে শোন এবং চুপ থাক, যাতে তোমাদের প্রতি করুণা করা হয় অর্থাৎ ফরজ নামাযে।

হযরত ইবনে মাসঊদ রা. এর মতও তাই। তাফসীরে তাবারীতে বলা হয়েছে:

صلى ابن مسعود، فسمع أناسا يقرءون مع الامام، فلما انصرف، قال: أما آن لكم أن تفقهوا ؟ أما آن لكم أن تعقلوا ؟ وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا كما أمركم الله

অর্থাৎ , হযরত ইবনে মাসঊদ রা. নামায পড়ছিলেন, তখন কতিপয় লোককে ইমামের সঙ্গে কেরাত পড়তে শুনলেন। নামায শেষে তিনি বললেন : তোমাদের কি অনুধাবন করার সময় আসেনি, তোমাদের কি বোঝার সময় হয় নি? যখন কুরআন পড়া হয় তখন তা মনোযোগ দিয়ে শুনবে এবং নীরব থাকবে, যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন। (৯ খ. ১০৩ পৃ.)

যায়দ ইবনে আসলাম ও আবুল আলিয়া র. বলেছেন:

كانوا يقرأون خلف الإمام فنزلت : وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون

অর্থাৎ , তাঁরা (সাহাবীগণ) ইমামের পেছনে কেরাত পড়তেন, তখন অবতীর্ণ হয়

وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون

ইমাম আহমাদ ইবনে হাম্বল র. বলেছেন:

أجمع الناس على أن هذه الآية في الصلاة

অর্থাৎ, এবিষয়ে সকলেই একমত যে, উক্ত আয়াত নামায সম্পর্কে নাযিল হয়েছে। (মাসাইলে আহমদ লি আবী দাউদ, পৃ. ৪৮)

মোদ্দাকথা,  উপরোক্ত আলোচনা থেকে বুঝা গেলো যে, নামাজে ইমাম সাহেবের পিছনে কিরা'আত পড়া যাবে না।

এবার আমরা বিপরীত মতটা দেখি।

প্রসিদ্ধ হাদীস -

لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب

অর্থাৎ  - যে ব্যক্তি নামাজে সূরায়ে ফাতেহাহ পড়লো না, তার নামাজই হলো না।

এটা একটা প্রসিদ্ধ হাদীস, যার ব্যাপারে কারো কোন সন্দেহ নাই। তো ভাইয়েরা, এবার চিন্তা করে দেখুন। উপরোক্ত আলোচনায় প্রমাণ করে যে, নামাজে ইমামের পিছনে কিরা'আত পড়া লাগবে না। আবার নিচের হাদিসে প্রমাণ করে যে, সূরায়ে ফাতেহাহ না পড়লে নামাজই হবে না৷

এবার বলুন, এই যে কঠিন একটা পারস্পরিক বিরোধপূর্ণ বিষয়, যার মধ্যে সমন্বয়ে করে কোর'আন-সুন্নাহের অধীক নিকটবর্তী মতটা কি আবিস্কার করা আপনার পক্ষে সম্ভব ?

প্রিয় ভাই , মতবিরোধপূর্ণ বিষয়ে কোর'আন-সুন্নাহের অধীক নিকটবর্তী মতটা যদি সু-স্পষ্ট পাওয়া যেতো, তাহলে তো ইসলামে চার মাজহাবের প্রয়োজনই হতো না। এতো এতো মতানৈক্যের প্রয়োজন ছিলো না ।

শেষকথা,  মতানৈক্য বিষয়ে কোর'আন-সুন্নাহের অধীক নিকটবর্তী একটা মত পুরাপুরি নিশ্চিত করার মতো কিছু নাই। চার মাজহাবের সকল মতই প্রায় কোর'আন-সুন্নাহের অধীক নিকটবর্তী৷ তাই তো আহলে সুন্নাহ ওয়াল-জামাতে চার মাজহাবই বিশুদ্ধ ও স্বীকৃত । যে কোন একটা মানলেই চলে।

শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন –

‘চার মাযহাবের কোনো এক মাযহাব কারো পছন্দ হলে ঐ বিষয়ে আপত্তি করা অন্যের জন্য বৈধ নয়। যার কাছে শাফেঈ মাযহাব ভালো লাগে, সে মালেকী মাযহাব পছন্দ করে এমন কারো প্রতি আপত্তি করতে পারবে না। তেমনি কারো কাছে হাম্বলী মাযহাব ভালো লাগলে সে শাফেঈ মাযহাব বা অন্য কোনো মাযহাবের অনুসারীর প্রতি আপত্তি রাখতে পারবে না’।

সুত্র - মাজমুআতুল ফাতাওয়া ২০/২৯২

শেষকথা , শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর ফতোয়া থেকে আমরা স্পষ্ট দু’টি বিষয় বুঝতে পারলাম –

১ – চার মাজহাবই হক্ব । যে কোন একটা অনুসরণ করা যাবে ।

২ – কেউ কোন এক মাজহাব মানলে , তাকে আপত্তি করা যাবে না ।

এছাড়া আমাদের অনেক ভাই দাবি করেন যে , ইমাম আবু হানিফা রাহঃ বলেছেন তো , যখন হাদিস সহীহ , সেটাই আমার মাজহাব হবে । সুতরাং , চার মাজহাবের অধিক বিশুদ্ধ মতটি গ্রহণ করলে অসুবিধা কি ?

বিষয়টি নিয়ে কিঞ্চিত আলোচনা জরুরী মনে করছি !

" হাদিস যখন সহীহ হবে ; সেটাই আমার মাজহাব হবে"

এই কথাটা খুব প্রচলিত না ?

ইমাম আবু হানীফা রাঃ এর কথা না ?

জ্বী, হ্যাঁ ! আমাদের দেশে এই কথাটা খুব জোরালো করে ইমাম আজম আবু হানীফা রাঃ এর নামে যেমন চালিয়ে দেওয়া হয়, তেমনি এই কথাটার ভুল ব্যখ্যাও করা হয়।

মানে  -

এই কথাটায় দু'টা ভুল বিদ্যমান

১. কথাটা ইমাম আজম আবু হানীফা রাঃ এর নামে চালিয়ে দেওয়া।

২. কথাটার ভুল ব্যখ্যা দেওয়া।

১. " হাদিস যখন সহীহ হবে ; সেটাই আমার মাজহাব হবে  "  - বাক্যটি ইমাম আজম আবু হানীফা রাঃ বলেন নাই। বরং, এই কথাটা এককভাবে ইমাম শাফী রাঃ বলেছেন। অন্য কেহ এমন কথা বলেছেন ___ এমনটা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়।

সূত্র -আল-মাজমু' পৃষ্ঠা ৬৪

আমাদের দ্বীনি ভাইয়েরা কোন কিছু পেলে সহীহ/জঈফ/জাল ইত্যাদি যাচাই করতে বলেন, তবে এই কথাটা যে বিনা যাচাইয়ে ইমাম আবু হানীফা রাঃ এর নামে চালিয়ে দেন, তা কি কখনো ভেবে দেখেছেন ?

২. কথাটার ভুল ব্যখ্যা করা হয়। বলা হয়ে থাকে  - প্রত্যেক ইমামই বলেছেন,  হাদিস সহিহ হলেই সেটা আমার মাজহাব!

এটা নিতান্ত ভুল ব্যাখ্যা। বরং, ইমাম শাফী রাঃ এই কথা দ্বারা বুঝিয়েছেন যে, যখন হাদিসটা উনার মাজহাবের হাদিসের মূলনীতির আলোকে সহীহ হবে ; তখন সেটাই উনার মাজহাব সহীহ বলে গৃহীত হয়েছে / হবে।  এমন ব্যাখ্যা শাফী মাজহাবের উসূলি গ্রন্থে বিদ্যমান রয়েছে।

আমরা জানি যে, কোন হাদিস সহীহ /জইফ বা কোনটি জাল হাদিস অর্থাৎ উসূলুল হাদিস নিয়ে প্রথম গবেষণা করেন বা গ্রন্থ রচনা করেন শাফেয়ী মাজহাবের সম্মানীত ইমামগণ। ফলে, ইমাম শাফী রাহঃ থেকে এমন কথা বের হওয়া অতি স্বাভাবিক ব্যাপার  !

এবার ভিন্ন একটা পয়েন্টে আলোচনা করি  -

১. আমাদের ভাইয়েরা একদিকে দাবী করেন যে, কোন ইমামই মাজহাব তৈরী করে যান নি ; বরং, মাজহাব উনাদের মৃত্যুর বহু পরে আবিস্কার হয়েছে। আরো বলেন, মাজহাবের ইমামগণ উনাদের মাজহাব প্রণয়নের কথা জানেনই না।

অপরদিকে আমাদের ভাইয়েরা বলে বেড়ান যে, মাজহাবের ইমামগণ বলেছেন  - হাদিস যখন সহীহ হবে ; তখন সেটাই আমার মাজহাব হবে।

আমার প্রশ্ন হচ্ছে  -

ইমামগণ যদি কোন মাজহাব তৈরী নাই বা করে যান, তাহলে তারা আবার কি করে বলতে পারেন যে, হাদিস যখন সহীহ হবে ; সেটাই আমার মাজহাব হবে ??

কেননা,  এই বাক্যে তো " আমার মাজহাব " অর্থাৎ উনাদের নির্ধারিত মাজহাব বলতে কিছু একটা আছে, এ কথার জানান দিচ্ছে  !

আমাদের ভাইয়েরা একদিকে বলেন, মাজহাবের ইমামগণ কোন মাজহাব তৈরী করে যান নি। অপরদিকে বলেন, মাজহাবের ইমামরা বলেছেন  - যখন হাদিস সহীহ হবে ; তখন সেটাই আমার মাজহাব হবে !

সর্বশেষ , আমার সম্মানীত পাঠকের জন্য একটা বক্তব্য তুলে ধরছি –

'একজন সাধারণ মুসলিম কখনো নিজে নিজে ধোকা খেয়ে যায়। সে নিজে নিজে বই-পুস্তক পাঠ করে ভাবতে থাকে ,  সে তো আলিম থেকেও বড় হয়ে গিয়েছে। সে এক দু'টা মাসালা পড়ে, কিংবা বই পড়ে সমাজে আলিম সেজে ভাবতে থাকে, সে কোন ক্রমেই ইলমে ও ফাহলে আলিম-উলামা থেকে কম নয়। এমনকি কখনো ভাবতে থাকে থাকে, তার বুঝ ইমাম আবু হানীফা, শাফেয়ী, মালেকি কিংবা হাম্বলী রাহ. থেকেও কম নয়'।

وهذا كلام صاحب المنعم الشيخ موسى شاهين في بداية السنة والتشريع

এছাড়া , অনেকেই তো একটা বিষয় নিয়ে খুব বাড়াবাড়ি করেন যে , সকলে ইমামে বলেছেন –

“ হাদিস যখন সহীহ হবে , সেটাই আমার মাযহাব”

এই একটা বাক্য নিয়ে অনেকেই নিজেকে হাদিসের ময়দানে সর্বক্ষেত্রে উপযুক্ত মনে করেন যে , হাদীস সহিহ হলেই সেটা মানব । কিন্তু ইমাম এই কথা কাকে বলেছেন ? বা এই কথা দ্বারা কি বুঝিয়েছেন ? তা হয়তো অনেকের অজানা ।

এই কথার উদ্দেশ্য কী ?

ইমাম নববী (মৃত্যু ৬৭৬ হি.) বলেন -  

وإنما هذا فيمن له رتبة الاجتهاد في المذهب وشرطه أن يغلب على ظنه أن الشافعي رحمه الله لم يقف على هذا الحديث أو لم يعلم صحته وهذا إنما يكون بعد مطالعة كتب الشافعي كلها ونحوه من كتب أصحابه الآخذين عنه وما أشبهها ، وهذا شرط صعب قلّ من يتصف به.

অর্থাৎ এ কথাটি ঐ ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে, যিনি তার মাযহাবে ইজতেহাদের স্তরে পৌঁছে গেছেন। তবে শর্ত হলো, শাফেয়ী রহ. হাদীসটি সম্পর্কে অবগতি লাভ করতে পারেন নি, বা তার বিশুদ্ধতা সম্পর্কে তিনি জ্ঞান লাভ করতে পারেন নি, এ ব্যাপারে তার প্রায় নিশ্চিত্র জ্ঞান থাকতে হবে। আর এটা কেবল তখনই সম্ভব, যখন তিনি শাফেয়ীর সকল কিতাব, তার শিষ্যগণের কিতাব ও অনুরূপ আরো কিছু অধ্যয়ন করবেন। এটি একটি কঠিন শর্ত যা খুব কম ব্যক্তির মধ্যেই পাওয়া যায়।

সূত্র - আল মাজমু, ১/১০৪)

হাফেজ আবু আমর ইবনুস সালাহ (মৃত্যু ৬৪৩ হি.) বলেছেন,

وليس هذا بالهين ، فليس كل فقيه يسوغ له أن يستقل بالعمل بما يراه حجة من الحديث

অর্থাৎ এ কাজ অত সহজ নয়। যে কোন ফকীহ এমনটি করতে পারেন না যে, তিনি নিজে যে হাদীসকে প্রামাণ্য জ্ঞান করবেন সে অনুযায়ী স্বয়ংসম্পূর্ণভাবে আমল করবেন।

সূত্র - আদাবুল মুফতী ওয়াল মুসতাফতী, ১/১১৮)

ওল্লাহুল মুস্তা’আন