কোর’আন-হাদিস থাকতে মাযহাব কেন ?
আমি আগাগোড়া একজন ফিকহুশ শারীয়া'র ছাত্র। অন্য কথায় বলা যায়, শারীয়াতের মাসালা-মাসাইল নিয়ে পড়াশোনা করা ও ইসলামের প্রসিদ্ধ চার মাজহাবের তূলনামূলক আলোচনা করাই আমার স্টাডি কনসার্ন৷ মদীনা বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া মাত্রই এই বিষয় নিয়ে পড়াশোনার আগ্রহ জাগে। অবশেষ, আল্লাহর রহমতে সেই সুযোগ পেয়ে যাই ৷
শিরোনাম দেখেই অনেকে অলরেডি বুঝতে পেরেছেন যে , এটা একট খুব কমন প্রশ্ন , যা অনেকেই করে থাকেন । তাই সকলের উত্তরটি ভালো করে জানা থাকা জরুরী । শুরুতেই অনুরোধ করবো যে, পুরা লেখাটি আদ্যপ্রান্ত পড়বেন। আল্লাহ তা'লা আপনাদেরকে জাযায়ে খায়র দান করুক !
কোর’আন হাদিস থাকা সত্ত্বেও মাজহাব কেন (?) __ এ জন্য যে, আমরা শারীয়তের মাসালা-মাসাইল নিয়ে স্টাডি করতে গিয়ে অসংখ্য কোরান-হাদিসের নাস বা মূল পেসেজ পাওয়া যায় , যা থেকে সরাসরি বোধগম্য করা বা মাসালা বের করা সকলের পক্ষে সম্ভব না ৷
কোরানের এমন অনেক আয়াত পাই , যা থেকে সরাসরি মাসালা উদঘাটন এর সক্ষমতা সকলের নাই। বাধ্য হয়ে কোন এক মুফাসসিরের ব্যাখ্যা পড়তে হয়৷ রাসূল সাঃ এর এমন অনেক হাদিস পাই , যা থেকে সরাসরি মাসালা উদঘাটন এর সক্ষমতা সবার নাই। তাই বাধ্য হয়ে কোন এক মুহাদ্দিসের ব্যাখ্যা জানতে হয়।
কোরান-হাদিসের অসংখ্য মূল পেসেজ পাই, যা থেকে সরাসরি শারীয়তের মাসালা উদঘাটন করা আমাদের পক্ষে সম্ভব না৷ তাই বাধ্য হয়ে আমরা কোন এক মাজহাবের সম্মানীত ইমামের ইজতেহাদ বা গবেষণাকে তাকলীদ বা অনুসরণ করতে হয় ৷
মাজহাব কেন ? এই প্রবন্ধে আলোচনা করেছিলাম যে, কোরানের এমন কিছু বিষয় আছে, যা থেকে সরাসরি মাসালা উদঘাটন করা যায় না। বাধ্য হয়ে মাজহাবের ইমামদের তাকলীদ বা অনুসরণ করতে হয়।
চলমান প্রবন্ধে এ কথা বুঝিয়ে দিব ( ইনশাআল্লাহ) যে , এমন অনেক হাদিস ও আছে, যা থেকে সরাসরি মাসালা উদঘাটন বা আমল করা যায় না। বরং, বাধ্য হয়ে কোন এক মাজহাবের ইমামের তাকলীদ বা অনুসরণ করতে হয়।
তাহলে চলুন এখনি বিষয়টা বুঝে নেই।
শারীয়াতের বেচাকেনা অধ্যায়ে একটা প্রসিদ্ধ মাসালা আছে, তার আরবী নাম হলো - التسعير ( আত্তাস'ঈর)।
এটার শাব্দিক অর্থ - মূল্য নির্ধারণ করা।
পারিভাষিক অর্থ - সরকার বা বাজার কমিটি কর্তৃক কোন পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়া এবং এটার উপর বেচা-কেনার জন্য উভয়পক্ষকে ( ক্রেতা-বিক্রেতা) বাধ্য করা৷
মাসালা হলো - শারীয়াতে এভাবে পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া জাইজ কি না ?
উত্তর - এই মাসালার সরাসরি কোর'আনে কারীমে কোন কিছু পাওয়া যায় না । তবে হাদীস শরীফে স্পষ্ট একটা নাস পাওয়া যায়। তা হলো -
قال النَّاسُ يا رسولَ اللَّهِ ، غلا السِّعرُ فسعِّر لَنا ، قالَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ : إنَّ اللَّهَ هوَ المسعِّرُ القابضُ الباسطُ الرَّازقُ ، وإنِّي لأرجو أن ألقَى اللَّهَ وليسَ أحدٌ منكُم يطالبُني بمَظلمةٍ في دمٍ ولا مالٍ
মূল সারসংক্ষেপ হলো -
একদা মদীনায় অনেক পণ্যের দাম বেড়ে গেলো। সাহাবায়ে কেরাম রাসূল সাঃ কে বললেন - হে আল্লাহর রাসূল ! দাম বেড়ে গিয়েছে। আপনি আমাদের জন্য মূল্য নির্ধারণ করে দিন। তিরমিজি ,১৩১৪
রাসূল সাঃ জবাবে বললেন - আল্লাহ তা'লা কেবল দাম নির্ধারণ কর্তা, তিঁনিই রিজিক গ্রহীতা, তিঁনিই রিজিক প্রশস্তদাতা এবং রিজিকদাতা।
মোদ্দাকথা, সাহাবাদের অনুরোধে রাসূল সাঃ পণ্যের দাম বৃদ্ধিতে অনাগ্রহ দেখিয়ে বললেন, আল্লাহ তা'লা রিজিক দাতা, তিনিই রিজিক ফেরতগ্রহীতা, তাই তিনিই সবকিছুর মূল্য নির্ধারণ কর্তা৷
হাদিসের মানঃ সহীহ
যাইহোক, হাদিসের স্পষ্ট ভাষ্য ও ফতোয়া হচ্ছে -- সরকার বা বাজার কর্তৃক কোন পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া না-জাইজ। যেহেতু রাসূল সাঃ তা করেন নাই। পণ্যের মুল্য বৃদ্ধির ক্ষমতা একমাত্র আল্লাহ তা’লা রাখেন ।
অপরদিকে সরাসরি হাদিসের উপর আমল করলে যে প্রশ্ন মাথায় চলে আসে। তা হলো -
১. আল্লাহ তা'লা কোথায় পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছেন ? চাল, ডাল, গমের দাম কতো ? কোরান-হাদিসের কোন জায়গায় উল্লেখ আছে ?
২. ওহী তো বন্ধ, নিত্যনতুন পণ্যের দাম আল্লাহ তা'লা কিভাবে জানিয়ে দিবেন ?
৩. পণ্যের দাম আল্লাহ কর্তৃক নির্ধারণ হলে ব্যবসায়ীরা নিজ থেকে দাম নির্ধারণ করে এবং উলামায়ে কেরাম তার বৈধতা দেন কেন ?
৪. আরব বা ইউরোপে বড় বড় সুপার মলে সব পন্যের দাম নির্ধারিত। তা বৈধ হয় কি করে ?
মোদ্দাকথা, সরাসরি হাদিস মানতে গেলে এমন সব হাজারো প্রশ্ন মাথায় ভনভন করবে। আমরা বিশ্বাস করি, এসব অনর্থক চিন্তা বা প্রশ্ন মাথায় প্রশ্রয় দেওয়ার দরকার নাই। হাদিসের বাহ্যিক অর্থ একটা হলেও উদ্দেশ্যেগত অর্থ অবশ্যই ভিন্নতা রয়েছে। যা তালাশ করলে পেয়ে যাবো ইনশা আল্লাহ৷
এই হাদিসের কোন ব্যাখ্যা কোরান বা অন্য কোন হাদিসে পাওয়া যায় নাই। তাই আমরা এবার সরাসরি চলে যাবো মাজহাবের সম্মানীত ইমামদের ইজতেহাদ বা গবেষণাগারে৷ দেখবো, তারা এই হাদিসের কি ব্যাখ্যা দেন বা উপরোক্ত মাসালার কি ফতোয়া দিয়ে থাকেন ।
হাদিসের বাহ্যিক দৃষ্টিতে কোন পণ্যের মূল্য নির্ধারণ করা না - জাইয। কেননা, রাসূল সাঃ তা করেন নাই। ইমামদের ঐক্যমতে সরকার বা বাজার কমিটি কর্তৃক পণ্যের মূল্য নির্ধারণ করা জাইজ ৷
তাহলে আপাততঃ আমরা দেখতে পাচ্ছি যে, রাসূল সাঃ এর হাদিস ও ইমামদের ফতোয়ায় বৈপরীত্য রয়েছে৷ নাহ, আসলে কোন বৈষম্য না। বরং, আমাদের বোধগম্যের অপ্রতুলতা। আমরা তাদের ভাষ্য দেখবো এবং তার পর বুঝতে পারবো যে, আসলেই তাদের গবেষণা হাদিস মোতাবেক ও একদম বাস্তবতার সাথে যথোপযুক্ত ৷
সরকার কর্তৃক পণ্যের দাম নির্ধারণ করা জাইজ কি না ___ এই প্রশ্নে ফোকাহায়ে কেরাম ঐক্যবদ্ধ বলেন, সম্পূর্ণ জাইজ এবং তা বর্তমানে ইসলামী শারীয়ায় সর্বসম্মতিক্রমে গৃহীত।
ফোকাহাদের দাবী ও তাঁদের দলীল -
১. হাদিসের এসেছে আল্লাহ তা'লা দাম নির্ধারক __ তার অর্থ এই নয় যে, আল্লাহ তা'লা প্রত্যেকটা পণ্যের আলাদা আলাদা করে দাম নির্ধারণ করে দিবেন৷ আর এটা আল্লাহ তা'লার শানে যায় না৷ বরং, হাদিসের উদ্দেশ্যগত ব্যাখ্যা হচ্ছে - আল্লাহ তা'লা প্রত্যেক মানুষকে পরিপক্ব আক্বল ও মেধা দিয়েছেন। অপরদিকে, সবাইকে ইনসাফ বজায় রাখার নির্দেশ দিয়েছেন। যাতে মানুষ তার আকল, মেধা দ্বারা প্রত্যেক কিছুতে ইনসাফ পালন করবে। বেচা-কেনায় সম্পূর্ণ আদালত বা ন্যায়বিচার পোষণ করে। আর আল্লাহ তা'লা ন্যায়বিচারকারীদের পছন্দ করেন। কারণ, তিঁনি নিজেই ন্যায়বিচারকারী৷
২. রাসূল সাঃ এর অপর একটা হাদিস হলো এবং এটা ইসলামী শারীয়ার মূলনীতিভুক্ত -
(( لا ضرر ولا ضرار في الإسلام ))
অর্থাৎ, ইসলামে ক্ষতিগ্রস্থ হওয়া বা কাউকে ক্ষতি করার সুযোগ নাই ।
হাদিসের মানঃ হাসান
ফোকাহায়ে কেরাম বলেনঃ সরকার কর্তৃক যদি পণ্যের দাম নির্ধারণ করে না দেওয়া হয় ; তাহলে সময়-সুযোগ বুঝে কিছু অসাধু বা সিন্ডিকেট ব্যবসায়ী পণ্যের দাম বৃদ্ধি করে সাধারণ জনকে কষ্টে ফেলে দিবে। যা ইসলামে সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ !
৩. সরকার কর্তৃক উল্লেখ্য পণ্যের দাম নির্ধারিত না হলে স্থান ভেদে মূল্যে ভিন্নতা থাকতে পারে। যা সম্পূর্ণ বৈষম্য ও বে-ইনসাফী। আর ইসলামে বে -ইনসাফী বা বৈষম্যের জায়গা নাই ।
ইত্যাদি সব কারণে ও উম্মাহের ব্যাপক কল্যাণ স্বার্থে ( যেটাকে শারীয়ার একটা মূলনীতি ধরা হয় - عام مصلحة الناس ) ইসলামের সম্মানীত চার মাজহাবের ইমামগণ সরকার বা বাজার কমিটি কর্তৃক পণ্যের দাম নির্ধারণ করাকে জাইজ বা বৈধতা দিয়েছেন ৷ যদিও তা হাদিসের বাহ্যিকতার সাথে সাংঘর্ষিক ; কিন্তু ইসলামের মূলনীতি ও হাদিসের উদ্দেশ্যগত অর্থের সাথে সম্পূর্ণ যৌক্তিক !
ফালিল্লাহিল হামদ - পূর্ণাঙ্গ শারীয়া মানতে গিয়ে মাজহাবের অনুসরণ করে আমরা কখনো বিপকে পরি না বা কিয়ামত পর্যন্ত বিপকে পরার কোন সুযোগই নাই , ইনশা আল্লাহ। কেননা, মাজহাবের সম্মানীত ইমামগণ উম্মাহের জন্য কোরান-হাদিসের আলোকে কিয়ামত অবধি সকল সমূহ সম্ভাবনাময় সমস্যার সমাধান ও তার মূলনীতি প্রণয়ন করে গিয়েছেন। যা থেকে মানুষ কোরান-হাদিসে সরাসরি কোন কিছু না পেলে, মাজহাবের মূলনীতির আলোকে সমস্যার সমাধান করতে পারবে, সুবহানাল্লাহ !
এজন্য একজন সাধারণ পাঠকের জন্য কখনো কোরান হাদিসের আক্ষরিক অর্থে আমল করা উচিৎ নয়। বরং, ফোকাহাদের ব্যাখ্যা-বিশ্লেষণে ফিরতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে।
১.
এ ব্যাপারে হাদিসের ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা রাহ. বলেন -
الحديث مضلة إلا للفقهاء
অনুবাদ -
“ফুকাহা ব্যতীত অন্যদের (নিজ বুঝ অনুসারে) হাদীস অনুসরণ করা বিভ্রান্তি ও পথভ্রষ্টতার কারণ।”
সূত্র -খুৎবাতুল কিতাবিল মুআম্মাল-আবু শামা ১/১৫১।
২.
ইমাম শাফেঈ রাহ. একজন প্রসিদ্ধ ফকিহ ও মুজতাহিদ ইমাম। একদা তিনি কিছু মুহাদ্দিসকে লক্ষ করে বলেন -
أنتم الصيادلة ونحن الأطباء
অনুবাদ -
আপনারা হলেন ফার্মেসিস্ট এবং আমরা হলাম ডাক্তার। অর্থাৎ, একজন মোহাদ্দিস জাস্ট হাদিসের মান নির্ণয় করে দিবেন আর ফকিহগণ হাদিসের আলোকে মাস'আলার বিবরণ দিয়ে থাকেন।
সূত্র -সিয়ারু আলামিন নুবালা ১০/২৩।
৩.
ইমাম তিরমিযী রাহ. ‘মাইয়্যেতের’ গোসল প্রসঙ্গ এক আলোচনায় বলেন -
وكذلك قال الفقهاء وهم أعلم بمعاني الحديث،
অনুবাদ -
“এমনটি ফুকাহা কেরাম বলেছেন। আর হাদীসের অর্থের ক্ষেত্রে ফকিহগণ অধিক জ্ঞাত।”
সূত্র -সুনানে তিরমিযী (৯৯০)
সম্মানিত পাঠক,
উপরের তিনটা বর্ণনা থেকে স্পষ্ট বুঝা যায় যে, হাদিসের মর্ম উদঘাটনে ফোকাহাদের দ্বারস্থ হতে হবে এবং তাদের ব্যাখ্যা-বিশ্লেষণে আমল করতে হবে।
সাধারণ কেউ সরাসরি হাদিস পাঠ করে সেই অনুসারে আমল করতে পারে না। বরং, তাকে অবশ্যই অবশ্যই ফোকাহাদের আলোচনার দিকে ফিরতে হবে। এমনটাই সালাফদের সীরাত থেকে প্রমাণিত হয়।
১.
আবদুল্লাহ ইবনে ওয়াহাব রাহ. বলেন -
نظر مالك إلى العطاف بن خالد، فقال مالك: بلغني أنكم تأخذون من هذا! فقلت: بلى. فقال: ما كنا نأخذ إلا من الفقهاء.
অনুবাদ -
“ইমাম মালেক রাহ. আত্তাফ ইবনে খালেদ রাহ. কে লক্ষ করে বললেন, জানতে পারলাম তোমরা না কি (সরাসরি) হাদীস অনুসরণ কর ?
উত্তরে তিনি বললেন, জী হা ! ইমাম মালেক রাহ. তখন বললেন, আমরা ফুকাহা কেরাম রাহ. এর ব্যাখ্যা অনুসারেই হাদীস অনুসরণ করে থাকি!”
সূত্র -তারতীবুল মাদারিক ১/১৩৯
২.
আমীরুল মুমিনীন ফিল হাদীস আবুয যিনাদ আবদুল্লাহ ইবনে যাকওয়ান রাহ. বলেন -
إن كنا لنلتقط السنن من أهل الفقه والثقة ونتعلمها شبيها بتعلمنا آيَ القرآن.
অনুবাদ -
“আমরা হাদীস ফকীহ ও নির্ভরযোগ্য ব্যক্তি থেকে গ্রহণ করতাম। এবং ফোকাহা থেকে কুরআনের আয়াত শিখার মত হাদীস শিখতাম।”
সূত্র -জামেউ বায়ানিল ইলম ২/৯৮
৩.
হাদিসের ইমাম ওয়াকী ইবনুল জাররাহ রাহ. প্রসঙ্গে ইয়াহয়া ইবনে মাঈন রহ. বলেন -
يفتي بقول أبي حنيفة
অনুবাদ -
“তিনি ইমাম আবু হানীফা রাহ. এর মতানুসারে ফতোয়া দিতেন।”
সূত্র - আখবারু আবি হানীফা ওয়া আসহাবুহু- কাযী ছাইমারী পৃ.১৫৫,
৪.
প্রখ্যাত হাফিযুল হাদীস ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আলকাত্তান রাহ. বলেন -
لا نكذب الله، ما سمعنا أحسن من رأي أبي حنيفة، وقد أخذنا بأكثر أقواله.
অনুবাদ -
“আল্লাহ সাক্ষী আমি মিথ্যা বলছি না আবু হানীফার চে’ অধিক উত্তম মতামত বিশিষ্ট ব্যক্তি আর কাউকে দেখিনি। আমরা তাঁর অধিকাংশ মত গ্রহণ করে থাকি।”
সূত্র -তারীখে বাগদাদ ১৫/৪৭৩,
৫.
তাঁর সম্পর্কে তারই শাগরিদ ইয়াহইয়া ইবনে মাঈন রাহ. বলেন,
كان يفتي أيضا بقول أبي حنيفة.
অনুবাদ -
“তিনিও আবু হানীফার মতানুসারে ফতোয়া দিতেন।”
সূত্র -আখবারু আবি হানীফা ওয়া আসহাবুহু- কাযী ছাইমারী পৃ.১৫৫
৬.
ইয়াহইয়া ইবনে মাঈন রাহ. (২৩৩হি.) বলেন -
القراءة عندي قراءة حمزة، والفقه فقه أبي حنيفة، وعلى هذا أدركت الناس.
অনুবাদ -
“আমি হামযা রাহ. এর পদ্ধতি অনুসারে কিরাত ও আবু হানীফার ফিকহ গ্রহণ করে থাকি। এবং লোকদেরকে এরূপ করতে দেখেছি।”
সূত্র -আখবারু আবি হানীফা ওয়া আসহাবুহু-কাযী ছাইমারী পৃ. ৮৭, তারীখে বাগদাদ ১৫/৪৭৩
৭.
আমীরুল মুমিনীন ফিল হাদীস ইমাম সুফিয়ান ছাওরী রাহ.। তাঁর সম্পর্কে ইমাম আবু ইউসূফ রাহ. বলেন,
سفيان الثوري أكثر متابعة لأبي حنيفة.
অনুবাদ -
“সুফিয়ান ছাওরী রাহ. অধিকাংশ ক্ষেত্রেই আবু হানীফার সহমত পোষণ করেন।”
সূত্র -ফাযায়িলু আবি হানীফা-ইবনে আবিল আওয়াম পৃ. ১০৫
৮.
ইমাম আলী ইবনুল মাদীনী রাহ. (২৩৪হি.) বলেন,
سفيان الثوري كان يذهب ويفتي بفتواهم.
অনুবাদ -
" সুফিয়ান ছাওরী রাহ. আবু হানিফা রা. এর মতানুসারীদের মতানুসারে আমল করেন ও ফতোয়া প্রদান করেন।”
সূত্র -আলজারহু ওয়াততা’দীল ১/৫৮
সুবহানাল্লাহিল আলিয়্যিল আজীম!
হাদিস শাস্ত্রের সিকাহ ও প্রসিদ্ধ রাবীদের কিছু কথা ও আমল আপনাদের সামনে তুলে ধরলাম। যা থেকে কয়েকটা বিষয় স্পষ্ট হয়ে যায় -
১. ফিকাহ ছাড়া হাদিস বুঝা যায় না
২. হাদিসের ব্যাখ্যা মুফতি থেকে নিতে হয়
৩. মোহাদ্দিসগণ ফিকাহ অনুসরণ করতেন
৪. হাদিসের অনেক বড় বড় ও সিকাহ রাবী হানাফী অনুসারী ছিলেন।
৫. মোহাদ্দীস হলেও মাজহাব মানতেন।
শেষকথা ,
যে সব রাবীদের কারণে আপনি-আমি হাদিস পেয়েছি - ফিকাহ, মাযহাব ইত্যাদি ব্যাপারে তাদের কিছু কথা নকল করেছি। এবার ভেবে দেখার বিষয় সম্পূর্ণ আপনার !
বারাকাল্লাহু ফিকুম !