চতুর্থ অধ্যায় · বিবিধ

ফতোয়া দেওয়ার মূলনীতি কি ?

কেউ যদি কোর'আন বুঝতে চায় বা কোর'আনে পূর্ণাঙ্গ পারদর্শী হতে চায়, তাহলে তাকে প্রাথমিকভাবে অনুবাদ পাঠে মনোযোগ দিতে হবে। অনুবাদ পাঠকালে কোর'আনের বেশ কিছু দুর্বোধ্য বিষয় সামনে আসবে। তখন মনে হবে কেবল অনুবাদ'ই যথেষ্ট নয় বরং তাফসীর বা ব্যাখ্যাগ্রন্থ আবশ্যকীয় পড়তে হবে। অতঃপর, তাফসীর গ্রন্থ অধ্যায়নকালে কিছু Terminology বা পরিভাষা দুর্বোধ্যতা আসবে কিংবা এমন কিছু আলোচনা আসবে, যা সহজে বোধগম্য হচ্ছে না। তখন আপনাকে তাফসীরের হাতিয়ার হিসেবে " উলূমুত তাফসীর " বা " তাফসীরের মূলনীতি " গ্রন্থ পড়তে হবে।

১

অর্থাৎ, আপনি যখন কোর'আনকে পরিপূর্ণ রুপে বুঝতে যাবেন, তখন আপনাকে পরম্পরায় অনুবাদ → তাফসীর → ও মূলনীতি আবশ্যকীয় পড়তে হবে। নতুবা, আপনার কোর'আন হৃদয়াঙ্গমে পরিপক্বতা আসবে না। এজন্য প্রতিটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে "কোর'আন ডিপার্টমেন্টে " অনুবাদ, তাফসীর এর পাশাপাশি উলুম কোর'আন বা কোর'আনের মূলনীতি গ্রন্থ মেজর বা আবশ্যকীয় সাব্জেক্ট হিসেবে পড়ানো হয় ৷

২.

আপনি যখন হাদিস স্টাডি করতে যাবেন, তখন ফার্স্ট লেভেলে অনুবাদ পঠনে মনযোগ দিবেন। পড়তে পড়তে এমন কিছু হাদিস সামনে আসবে, যার বাহ্যিক অর্থ আপনার বুঝে আসবে না৷ তখন বাধ্য হয়ে আপনাকে হাদিসের ব্যাখ্যা গ্রন্থ পড়তে হবে ৷ প্রতিটা হাদিসের ব্যাখ্যা অধ্যায়ন শেষ উক্ত হাদিসের মান ইত্যাদি নিয়ে বেশ পর্যালোচনা আসবে। সেগুলা আবার আপনার বুঝতে চরম কঠিনতা পোহাতে হবে। তখন আবার আপনাকে " উলুমুল হাদিস " বা হাদিসের মূলনীতি ইত্যাদি পড়তে হবে।

অর্থাৎ, আপনি যদি হাদিসে পরিপূর্ণ জ্ঞান আহরণ করতে চান, তাহলে হাদিসের অনুবাদের পাশাপাশি হাদিসের ব্যাখ্যাও জানতে হবে। সর্বশেষ, পরিপক্বতার জন্য হাদিসের মূলনীতিও জানতে হবে৷ নতুবা, হাদিসের মান যাচাই-বাছাই ও পরস্পর বিরোধপূর্ণ বিষয়ে অগ্রাধিকার কায়দা না জানার কারণে ভুলভ্রান্তি চলে আসতে পারে। এজন্য প্রতিটা ইসলামি বিশ্ববিদ্যালয়ে "হাদিস ডিপার্টমেন্ট " হাদিসের ব্যাখ্যার পাশাপাশি উলুমুল হাদিস বা হাদিসের মূলনীতি নামে একটা সাব্জেক্ট বাধ্যতামূলক রাখে৷

৩.

আপনি যদি এবার ফিকাহ বুঝতে চান, তাহলে নির্ধারিত কোন মাজহাবের বা চার মাজহাবের মোকারানার পাঠ্যপুস্তক পড়তে হবে। ফিকাহ অধ্যায়ন কালে আপনি যখন প্রতিটা মাজহাবের দালিলিক পর্যালোচনা পড়বেন, তখন দেখবেন অনেক কথা চলে আসছে, যা আপনি আগে জানেন নাই। তখন বাধ্য হয়ে ফিরে আসতে হবে উসুলুল ফিকাহ বা ফিকাহের মূলনীতিতে ( এযাবৎ আমার কাছে সবচেয়ে কঠিন সাব্জেক্ট মনে হয়েছে) ৷ একজন ইমাম যখন কোন দলীল তারজীহ দেন, তখন তিনি উসূল বা মূলনীতিকে সামনে রেখেই দেন।

অর্থাৎ, আপনি যদি ফিকাহ এর পরিপূর্ণ জ্ঞান পেতে চান, তাহলে মাসালা-মাসাইল পাঠের পাশাপাশি উসুলুল ফিকহ বা ফিকাহের মূলনীতি বুঝতে হবে। নতুবা, একজন ইমাম কোন মূলনীতির ভিত্তিতে তিনি দালিলিক আলোচনা করলেন, তা বুঝতে পারবেন না। আর না বুঝার কারণে মনে করবেন যে, আবু হানীফা রাঃ এখানে ভুল করেছেন ! আবু হানীফার কাছে হাদিস'ই পৌঁছেনি!! আবু হানীফা তো হাদিস'ই জানতেন না ! এক্সেট্রা....

এজন্য, প্রতিটা ইসলামি বিশ্ববিদ্যালয়ে ফিকাহ ডিপার্ট্মেন্টে মাসালা-মাসাইল এর পাশাপাশি উসূলুল ফিকহ বা ফিকাহের মূলনীতি বাধ্যতামূলক পড়ানো হয়। আমাদের ডিপার্টমেন্টে তো পুরা বিশ্ববিদ্যালয় লাইফ'ই এই সাব্জেক্ট পড়ায় !

৪.

এবার আপনার কোর'আন, হাদিস ও ফিকাহ অধ্যায়ন সব শেষ। ইচ্ছা জাগলো, আপনি মুফতি হতে চান। তখন আপনার জন্য উপরোক্ত কোর'আন, হাদিস ও ফিকাহের জ্ঞান অর্জনের পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ দু'টা মানদণ্ড আয়ত্ত করতে হবে৷ তা হলো -

ক. কাওয়াইদে ফিকহিয়া ( قواعد فقهية ) বা ফিকহার নিয়মাবলি ভালো করে আত্মস্থকরণ করতে হবে৷ কারণ, বিশেষায়িত নিয়মের ভিত্তিতে অনেক মাসালার সমাধান করা হয়।

খ. মাক্বাসিদে শার'ঈয়াহ ( مقاصد الشريعة) বা শারীয়ার উদ্দেশ্যনিহীত কথা নিয়ে যথেষ্ট পড়াশোনা থাকতে হবে। নতুবা, সমসাময়িক যে কোন বিষয়ে ফতোয়া দিয়ে আপনাকে দুর্বোধ্য পোহাতে হবে।

মোদ্দাকথায়, একজন বিজ্ঞ ও প্রাজ্ঞ মুফতী হতে হলে আপনাকে কোর'আন, হাদিস ও ফিকাহের জ্ঞানের পাশাপাশি উপরোক্ত দু'টি বিষয় তথা " কাওয়াইদে ফিকহিয়া ও মাকাসিদে শারীয়া " সম্পূর্ণ জানতে হবে। এজন্য প্রতিটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফিকহ বা ইফতা বিভাগে কোর'আন, হাদিস, ফিকহের পাশাপাশি উপরোক্ত দু'বিষয় মেজর সাব্জেক্ট হিসেবে পড়ানো হয়।

৫.

ফতোয়া দিতে তার অন্যতম শর্ত হলো - মাক্বাসিদে শারীয়াহ জানতে হবে৷ কেবল, পূর্বেকার ইমামগণের মাসালা বলে দেওয়ার নাম'ই ফতোয়া না। বরং, পরিস্থিতি বিবেচ্যে মাকাসিদে শারীয়াকে সামনে রেখে কোর'আন-হাদিসের দালিলিক আলোচনার নাম'ই ফতোয়া।

যারা এক্সট্রিম মাজহাব অনুসরণ করেন, তারাও কখনো কখনো আপন মাজহাবের মত থেকে সরে আসতে হয়। কারণ, পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্তে যেতে হয়। এতে উদ্দেশ্য হয় __ মাকাসিদুশ শারীয়া বা শারীয়ার উদ্দেশ্যকথা৷

শেষ পর্বে, মাকাসিদে শারীয়াহ নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের দেশে এই বিষয়ে অনবিজ্ঞ থাকার কারণে অনেকেই এমনভাবে ফতোয়া দেন যে, সাথে সাথে বিতর্ক শুরু হয়ে যায়। বস্তুত, মাকাসিদে শারীয়াহকে সামনে রেখে ফতোয়া দিলে কখনো এমন বিতর্ক সৃষ্টি হতো না।

মাকাসিদে শারীয়াহ কি ? মাকাসিদে শারীয়ার প্রয়োজনীয়তা কি ? এই দু'টি বিষয়ে সামান্য আলোকপাত করে লেখাটি সমাপ্ত করবো ইনশা আল্লাহ৷

ক. মাকাসিদে শারীয়াহ কি ?

ইবনে রাজাব রাঃ বলেন - শরীয়ত প্রণেতা যেসব উদ্দেশ্য নিয়ে হুকুম-আহকাম আরোপ করেছেন, তাই হচ্ছে মাকাসিদে শারীয়া৷ (১)

ইমাম শাতিবী রাঃ বলেন - সর্বসম্মত যে, শারীয়ত আমাদের উপর যে হুকুম-আহকাম আরোপ করেছে, তার একটা উদ্দেশ্য রয়েছে। আর তা হলো, আমাদের ব্যাপক উপকার সাধন ( ইহকাল-পরকাল) । আর এটাই হচ্ছে মাকাসিদে শারীয়াহ৷ (২)

খ. মাকাসিদে শারীয়াহ প্রয়োজনীয়তা কী ?

ইমাম শাতিবী রাঃ বলেন - মানুষ যখন এমন পর্যায়ে পৌঁছে যায় যে, সে শারীয়াতের প্রতিটা ক্ষেত্রে শারে বা শরীয়ত প্রণেতার উদ্দেশ্যকথা বুঝতে পারে, প্রত্যেকটা হুকুম-আহকাম এর পিছনের রহস্য উদঘাটন করতে পারে। তাহলে সে এমন একটা গুণ অর্জন করলো, যার দ্বারা সে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিনিধিত্ব করতে পারবে। (৩)

এছাড়াও মাকাসিদে শারীয়ার প্রয়োজনীয়তা নিয়ে ড. ফায়সাল বিন সাউদ (হাফিযাহুল্লাহ) তাঁর অনবদ্য গ্রন্থ (علم مقاصد الشريعة الإسلامية) তে উল্লেখ করেন-

১ - এটা এমন একটা ইলম, যার থেকে কখনো একজন মুজতাহিদ কিংবা মুফতি অমুখাপেক্ষী হতে পারেন না। কারণ, মুজতাহিদ কিংবা মুফতি তার ইজতেহাদের ক্ষেত্রে মাকাসিদে শারীয়াকে সামনে রাখতে হয় ৷ আর মাকাসিদে শারীয়াকে ঘিরেই ফতোয়া দিতে হয়। শারীয়ার খেলাফ মেজাজ কোন কথা কখনো গ্রহণযোগ্য না।

২ - এটা এমন একটা ইলম , যার দ্বারা প্রতিটা দালিল-আদিল্লার বাস্তবতা জানা যায়, উদ্দেশ্য বুঝা যায়। বিশেষত, বিরোধপূর্ণ বিষয়ে অগ্রাধিকার দিতে মাকাসিদে শারীয়ার প্রয়োজনীয়তা অনস্বীকার্য ।

৩ - এটা এমন একটি জ্ঞান , যার দ্বারা একজন ফিকাহ বিভাগের ছাত্র ও শিক্ষকের ফিকহী অভিজ্ঞতা দৃঢ় ও মজবুত হয়।

৪ - এটা এমন একটি জ্ঞান , যার দিকে প্রত্যেক বিচারক / প্রশাসক / অভিভাবক প্রত্যাবর্তন করতে হয়। কারণ, তারা বিচার কার্যকালে মাকাসিদে শারীয়াহকে সামনে রেখে আম-মুফসিদাহ বাতিল করে আম-মুসলিহাহ প্রতিষ্ঠা করতে হয় ৷

৫ - এটা এমন একটা ইলম , যার দ্বারা আল্লাহর উপর ইয়াকীন-বিশ্বাস বৃদ্ধি পায়। বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহের কথা বুঝা যায়। (৪)

এছাড়াও, মাকাসিদে শারীয়ার আরো বেশ কিছু প্রয়োজনীয়তা ও উপকারীতা তুলে ধরেন, যার থেকে একজন দ্বীনি লেভেলের শিক্ষক-শিক্ষার্থী কখনো অমুখাপেক্ষী হতে পারেন না। বিশেষত, যারা দাওয়াতি ময়দানে কাজ করেন এবং সমাজে ফতোয়া দেন, তাদের জন্য মাকাসিদে শারীয়া পড়া জরুরী, যা না পড়লে নয় !

খিতামাল মিসক, দীর্ঘ আলোচনা পড়ে অনেকে বিব্রত হয়ে বলতে পারেন যে, দ্বীন সহজ। বাংলা অনুবাদ আর এপ্লিকেশন এর মাধ্যমে হাদিস পড়লেই তো ফতোয়া দেওয়া যায়। এসব আবার কী ? রাসূল তো কোর'আন-হাদিস মানতে বলেছেন। এসব নয় ?

ভাইদের একটা কথা বলবো, বক্ষমান লেখায় যেসব বিষয়ের আলোচনা এসেছে, তার একটাও কোর'আন-হাদিসের বাহিরে কিছু নয়। বরং, কোর'আন-হাদিসকেই পরিপূর্ণ জ্ঞানে বুঝতে এতোসব আয়োজন৷ জাযাকুমুল্লাহু খাইরান !

_______

(১) মুনতাহাল উসুলি ওয়াল আমাল ১৮৪

(২) আল-মুওয়াফাকাত ১৩৯

(৩) আল-মুওয়াফাকাত ১০৬

(৪) মাকাসিদে শারীয়াহ ৫৪