ইসলামি আইন কয়ভাগে বিভক্ত ?
ফোকাহায়ে কেরাম ফিকাহ বা ইসলামী আইনকে চার ভাগে বিভক্ত করেন -
১. ইবাদাত। যেমনঃ নামাজ, রোজা, হজ্ব ও যাকাত ইত্যাদি।
২. মু'আমালাত ইনসানিয়্যাহ। যেমনঃ বিবাহ, তালাক ইত্যাদি।
৩. মু'আমালাত মালিয়াহ৷ যেমনঃ ক্রয়বিক্রয়, ব্যাংক ইত্যাদি।
৪. মু'আকাবাত। যেমনঃ হুদুদ, জেল, শাস্তি ইত্যাদি।
একজন তরুণ প্রফেসার সাহেব আমাদের ক্লাসে এসে লেকচার শুরু করে উপরোক্ত চার প্রকারের বিষয়টি পরিস্কার করলেন। এবং বললেন -
" তোমরা এ যাবৎ প্রথম দু'প্রকার তথা ইবাদাত ও বিবাহ-তালাক নিয়ে বিস্তারিত আইন-কানুন জেনেছো। এই সেমিস্টারে তোমরা জানতে যাচ্ছ, বিজনেস কনসেপ্ট / কারেন্ট বিজনেজ পলিসি / ব্যাংকিং এন্ড ফিনেন্স ইত্যাদি সহ সমসাময়িক সকল ব্যবসায়ীক ধারণা ইত্যাদি। এসবের সকল শারয়ী সমাধান জানতে যাচ্ছ’’ ।
তবে, তোমরা কেয়ারফুল ! ইবাদাত / বিবাহ /তালাক ইত্যাদিতে কোরআন-হাদিসের সরাসরি অধিকাংশ প্রামাণ্য পেলেও এই চাপটারে এতো কিছু পাবে না। বরং, অল্প কিছু সংখ্যাক মূলনীতি আছে - যা চার মাজহাবের ফোকাহায়ে কেরাম আবিস্কার করে গিয়েছেন - সেগুলোর উপর নির্ভর করে পুরা ব্যবসা-পলিসি জানতে হবে৷
তিনি আরো বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম এর যুগে যে ব্যবসা পদ্ধতি ছিল, তা এখনকার ব্যবসার সাথে অনেকটার মিল নাই। তাই সরাসরি কোন প্রমাণ কোরআন-হাদিস থেকে খুঁজে পাবে না৷ তবে কিছু মূলনীতি আছে, যার আলোকে শারয়ী সমাধান দিতে পারো। "
আর মূলনীতি হলো চারটি -
١- الأصل في البيع: الحل
٢- العبرة في العقود: المقاصد والمعاني
٣- الأصل في الشروط: الإباحة
٤- الخراج عن الضمان
তরুণ প্রফেসার পুরা দু'ঘন্টা এই চার মূলনীতির উপর আলোচনা রেখে বলিষ্ঠ কন্ঠে বললেন -
" তোমরা কখনো ফোকাহায়ে কেরাম ছাড়া স্বয়ংক্রিয় হতে পারো না। তাঁদের দেখানো বা রেখে যাওয়া মূলনীতি ছাড়া বর্তমান বিজনেস পলিসির শারয়ী সমাধান দিতে পারো না । তাই মাজহাবের ফোকাহাদের মূলনীতি আগে ভালো করে আন্ডারস্ট্যান্ডিং করো। তারপর, শাখাগত মাসালা-মাসাইল নিয়ে অগ্রসর হও। "
নীতিকথা -
সুবহানাল্লাহ !
আমি ফিকাহ বা ইসলামিক আইন যতো পড়তেছি, ততো বেশী প্রতিটা মাজহাবের প্রতি শ্রদ্ধাশীল হচ্ছি। যতো জানি, ততো মাজহাবের প্রয়োজনীয়তা অনুভব করি। যতো মাজহাবের উসূল বা মূলনীতি নিয়ে গবেষণা করি, ততো মাজহাবের প্রতি আশ্চর্যবোধ করি !
অথচ, যখন আমাদেরই কিছু দ্বীনি ভাই মাত্র ইবাদাতে কয়েকটা সহীহ হাদিসের দোহাই দিয়ে পুরা মাজহাবের অস্তিত্বকে অস্বীকার করেন কিংবা মাজহাবকে বৃদ্ধাঙ্গুলি দেখান ; তখন বুকে খুব কষ্ট ও মনে আফসোস লাগে৷ আপাততঃ মেনে নিলাম, কেবল সহীহ হাদিস মানতেই হবে ! মাজহাব মানা যাবে না৷ মাজহাব বলতে কিছু নাই।
তাহলে আমার প্রশ্ন হলো -
সহীহ হাদিস বা অধিকাংশ সরাসরি কোর'আন-হাদিসের নাস দ্বারা বৈশিষ্ট্যমন্ডিত হলো শুধু - ইবাদাত। এছাড়া, নিকাহ / তালাক / ব্যবসা / ব্যাংকিং /শাস্তি ইত্যাদিতে প্রায় মাসালায় দেখা যায় সরাসরি কোন দলিলই নাই। ফিকহের মূলনীতি, ইজতিহাদ, কিয়াস ইত্যাদি মেনে সমাধান দিতে হয়। এই ক্ষেত্রে আপনারা - যারা মাজহাব অস্বীকার করেন বা মাজহাবকে বৃদ্ধাঙ্গুলী দেখান - কি করেন ?
আমরা তো মোটামুটি পার হয়ে যাই। কারণ, মাজহাবের সম্মানীত ইমামগণ উম্মাহর চিরন্তন ফায়দা বা ফেতনাহ থেকে বেঁচে থাকার জন্য যে মৌলিক মূলনীতি তৈরি করে গিয়েছেন, আমরা সেগুলোকে ফলো করে সমাধান পেয়ে যাই। এ ক্ষেত্রে আপনারা কার দিকে তাকিয়ে থাকেন ?
আমাদের যেসব ভাইয়েরা গাইরে মুকাল্লিদ দাবী করেন, তারা বস্তুত মাজহাবটাকে বা তাদের পড়াশুনাকে কেবল ইবাদতে সীমাবদ্ধ করে রেখেছেন৷ ফলে কে রাফয়ে য়াদাইন করলো না / কে আমীন বলল না / কে ফাতিহা পড়লো না --- এ নিয়ে ঝগড়াঝাটির শেষ নাই। এজন্যেই অনেককে শুধু সালাত নিয়ে বই লিখতে ও আলোচনা করতে দেখা যায়।
অথচ, মাজহাব তো কেবল ইবাদত সংক্রান্ত বিষয়াবলির জন্য আসে নাই। বরং, বর্তমান বিজনেস ইত্যাদি যতো বিষয়াবলিতে সরাসরি কোন নাস বা কোরআন-হাদিসের দলীল নাই, সেগুলোর কিয়াসী বা মূলনীতির আলোকে সু-স্পষ্ট সমাধানকল্পে মাজহাব এসেছে। যেসব বিষয়ে সরাসরি নস/দলীল এসেছে, সেগুলোর জন্য মাজহাব আসে নাই । বরং, মতভেদপূর্ণ বিষয় বা দলীলের অনুপস্থিত - এমন বিষয়ে ইজতিহাদী সমাধান নিয়ে মাজহাব এসেছে৷ আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিক বুঝার তাওফীক দান করুক !