চতুর্থ অধ্যায় · বিবিধ

মাজহাবের ইমামদের কাছে কি হাদিস পৌঁছে নাই ?

আমাদের সমাজে বেশ প্রচলিত কয়েকটি ভুল ধারণা / কথা আছে। যেমন, 

১ - মাজহাবের ইমামগণ ফকীহ। মুহাদ্দিস ছিলেন না।

২ - মাজহাবের ইমামগণ পর্যাপ্ত হাদিস জানতেন না।

৩ - মাজহাবের ইমামদের নিকট সব হাদিস পৌঁছে নাই।

মোটামুটি,  এই ধরণের বেশ কিছু কথাবার্তা বা প্রচলিত ভুল ধারণা আমাদের সমাজে বিস্তার করেছে। নতুন দ্বীনে ফিরে আসা ভাইদের নিকট থেকে এমন প্রশ্ন প্রায়শই পাওয়া যায়৷

আর প্রশ্ন আসাটাই স্বাভাবিক ব্যাপার, যেখানে দ্বীনের পথে নতুন চলা ভাইদের সামনে খুব রসেভরা উপস্থাপনা দিয়ে বলা হয়  -

" দেখো,  মাজহাবের ইমামগণ তো ৮০ হিজরী থেকে নিয়ে ২৪১ হিজরীর ভেতরেই ইন্তেকাল করেছেন। আর বুখারী, মুসলিম সহ সকল হাদীস গ্রন্থ এর পরে সংকলিত হয়েছে। তাহলে ইমামগণ এসব হাদিস পাবেন কি করে ?   "

এমন যৌক্তিক বক্তব্যে সরলমনা যে কেউ অতি সহজে বিভ্রান্ত হতে পারেন৷ প্রকৃত ইতিহাস ও তারিখু শারীয়াহ জানা না থাকলে এমন বর্ণনায় সহজে ধোঁকা খাওয়া মামুলি ব্যাপার।

যাহোক,  এমন উদ্ভট ও আজগুবি কথা যারা প্রচার করে সরলমনা দ্বীনি ভাইদের কাছে তথ্য-বিভ্রাট করে প্রকৃত ইতিহাস গোপন করেছেন, তাদের পরিচিতি ও কিছু বক্তব্য তুলে ধরি।

উপরোক্ত তথ্য-বিভ্রাট কথা বাংলাদেশের অনেক শায়খ প্রচার করে থাকেন। সবার আলোচনা তুলে ধরা আমার পক্ষে সম্ভব না। তবে অন্তত একজনের বক্তব্য অত্যন্ত সম্মানের সাথে তুলে ধরছি।

বাংলাদেশের সালাফী ও আহলে হাদিস ভাইদের অত্যন্ত আস্তাভাজন একজন শায়খ ( হাফিজাহুল্লাহ) বলেন -  ( সঙ্গত কারণে নাম উল্লেখ করছি না )

" প্রসিদ্ধ মহামতি চার ইমাম ৮০-২৪১ হিজরীতে আগমন করেছেন এবং এই সময়টাতেই তারা বিদায় নিয়েছেন। তাদের অধিকাংশের সময়টা ছিল এমন, যখন প্রসিদ্ধ ছ'টি হাদীসগ্রন্থ পূর্ণভাবে সংকলিত হয়নি। বিশেষকরে, ইমাম আবু হানীফা, মালেকী ও শাফেয়ীর সময়কালে ঐ প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলোর সূচনাই হয়নি বরং অনেকের জন্মই হয়নি৷ যার ফলে তাদের হাতের নাগালে সকল হাদীস পাওয়া সম্ভব ছিলো না৷ " 

সূত্র - সুন্নাতে রাসূল ও চার ইমামের অবস্থান ৯৩

শায়খ আরো বিস্তারিত লিখে বুঝতে চেয়েছেন যে, যেহেতু ইমামদের সময়ে হাদীস সংকলন হয়নি, তাই তাদের নিকট সব হাদিস পৌঁছেনি । 

কথাটা তো চমৎকার! ইমামগণের জ্ঞানের পরিধি ও হাদীস চর্চার ইতিহাস কারো অজানা থাকলে শায়খের বক্তব্য যথার্থ ও যৌক্তিক মনে হতে পারে৷ তবে একজন হাদিসের নিম্নমানের ছাত্র বা শারীয়ার যে কোন অনুসন্ধানীর কাছে বক্তব্যটি নিছক হাস্যরসে গৃহীত বৈ কিছু না।

আমি বক্ষমান লেখায় এ কথা প্রমাণ করা সম্ভব না যে, প্রত্যেক ইমাম হাদিসের ব্যাপারে কি পরিমান পান্ডিত্ব লাভ করেছেন বা তাদের কাছে কি পরিমাণ হাদিস মজুদ ছিল। কেননা এটা বিস্তর বিষয় ! 

শায়খ হাফিজাহুল্লাহ এর বক্তব্যের জবাবে আমি , ইমাম ইবনে তাইমিয়া রাঃ এর একটা বক্তব্যে নিচে তুলে ধরছি। এতে শায়খের কথার যেমন জবাব রয়েছে, তেমনি ইমামগণ হাদিসের ব্যাপারে কি পরিমান জ্ঞাত ছিলেন- তারও চিত্র ফুঠে উঠেছে৷ 

শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ফাতোয়া গ্রন্থে বলেন  -

" بل الذين كانوا قبل جمع هذه الدواوين كانوا اعلم بالسنة من المتأخرين بكثير ، فكانت دواوينهم صدورهم التي تحوي أضعاف ما في الدواوين وهذا أمر لا يشك فيه من علم القضية "

সরল অনুবাদ  -

"  হাদীস ও সুন্নাহর এসব গ্রন্থ সংকলনের পূর্ববর্তী ইমামগণ পরবর্তীগণণের তুলনায় হাদীস ও সুন্নাহ অনেক বেশী  জানতেন৷ তাদের গ্রন্থ তো ছিল  - তাদের সীনা,  যাতে এসব গ্রন্থের তুলনায় হাদীস ও সুন্নাহ অনেক বেশী পরিমানে সংরক্ষিত ছিলো।  এ নিয়ে সংশ্লিষ্ট বিষয় জ্ঞাত কেউ সন্দেহকরতে পারে না৷  "

সূত্র  - মাজমুউল ফতোয়া ২০/২৩৯

সম্মানীত পাঠক,

কি বুঝলেন ?  শায়খুল ইসলামের উদ্ধৃতি থেকে আপনাদের কি অনুমিত হলো ?  যাদের বক্ষই ছিলো হাদীসের গ্রন্থ, তারা নাকি হাদীস জানতেন না ?  তাদের নিকট নাকি পর্যাপ্ত সহীহ হাদীস পৌঁছে নাই ? 

আসলেই কি বিষয়টা এমন ?  নাকি শায়খুল ইসলাম রাহিমাহুল্লাহ যেমন বলেছেন, তেমন ?

জাযাকুমুল্লাহু খাইরান !