কোর’আন- হাদিস কিভাবে পড়বেন ?
আলহামদলিল্লাহ , অত্যন্ত প্রশান্তি লাগে যখন দেখি আমাদের দেশে দলে দলে অসংখ্য তরুণ ভাইয়েরা দ্বীনের পথে প্রেক্টিসিং চলা শুরু করেছেন। এটা আমাদের জন্য খুবই আনন্দ ও আশার ব্যাপার ! দোয়া করি, আল্লাহ তা'লা যেন আমাদের দেশের তরুণ ভাইদেরকে আরো প্রেক্টিসিং মুসলিম হওয়ার তাওফীক দান করেন - আমীন!
কিন্তু, মাঝেমধ্যে একটা উদ্বিগ্নের ব্যাপার পরিলক্ষিত হয়। যারাই প্রেক্টিসিং ইসলামে যাত্রা শুরু করেন, তাদের অধিকাংশ শিক্ষিত সংখ্যা নিজে নিজে কোরআন-হাদিস পাঠে উৎসাহী ও আগ্রহী হচ্ছেন।
এর পিছনে হয়ত নির্দিষ্ট একটা গ্রুপের অবদান কাজ করছে। তারা যুবকদেরকে তা'লিম দিচ্ছেন, বাংলা বুখারী আছে মার্কেটে। ক্রয় করে নিজে নিজে স্টাডি করুন ! মাদ্রাসায় যাওয়ার দরকার নাই। শিক্ষক ধরার প্রয়োজন নাই। ইলম-কালাম ইন্টারনেটে ভরপুর। সেখান থেকে শিখে নিন। ইসলাম কখনো কোন মাদ্রাসায় বন্ধি নয় বা কোন শায়খের কাছে জব্দ নয় !
এরকম উৎসাহ ব্যঞ্জক আলোচনা থেকে আমাদের কিছু তরুণ ভাইয়েরা মার্কেট থেকে বাংলা বুখারী কিনে মোটামুটি ব্যক্তিগত পড়াশোনা চালু করেন। এটা আংশিক বিবেচনায় ভালো দিক হলেও বৃহৎ চিন্তায় মোটেও ঠিক না। এতে দ্বীনের পথে চলার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হতে পারে এবং গোমরাহির পথ খুলে যাবে।
কারণ, কোরআন-হাদিসের জ্ঞানার্জন ফরজ আর কার থেকে শিক্ষা নিবেন _ এটা দ্বীনের এক অংশ। দ্বীনের জ্ঞান কখনো কেউ একা একা সঠিকভাবে অর্জন করতে পেরেছে, এমন ইতিহাস নাই। তাই, আমি আজকের লেখায় দ্বীনের জ্ঞানার্জন এর ক্ষেত্রে শিক্ষক / শায়খ এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ!
দ্বীনের জ্ঞানার্জন কেন শায়খ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ? এর পিছনে একটা যৌক্তিক ও আরেকটা দালিলিক কারণ উল্লেখ করছি -
১. যৌক্তিক কারণ -
আমরা দেখতে পাই, ইতিহাসে কোন মুহাদ্দিস বা দ্বীনি বিদ্বান নিজস্ব পড়াশোনায় মুহাদ্দিস / মুফাসসীর / মুফতি হন নাই। তাঁরা কোন না কোন শায়খের সান্নিধ্যে দ্বীনের জ্ঞান অর্জন করেছেন।
যেমন -
√ রাসূলের উস্তাদ ছিলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়াতা'লা। জিবরাইল আঃ এর মাধ্যমে আল্লাহ তা'লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা-দীক্ষা দিয়েছেন।
√ সাহাবাদের উস্তাদ ছিলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা রাসূলের হালকায়ে দারসে তাশরীফ নিতেন। সরাসরি প্রশ্ন করতেন আর এভাবে দ্বীনের শিক্ষা নিয়েছেন।
√ তাবেয়ীগণ সাহাবা থেকে সরাসরি দ্বীনের জ্ঞানার্জন করেছেন। তাবেয়ীদের যুগ থেকে পৃথক পৃথক কোরআন, হাদিস ও ফিকাহের দারস সূচনা হয়।
√ মাজহাবের সম্মানীত ইমাম ও প্রসিদ্ধ আলেমগণ কোন না কোন শায়খ থেকে শিক্ষা নিয়েছেন। যেমন -
ইমাম আবু হানীফা আলকামা রাঃ থেকে শিক্ষা নিয়েছেন
ইমাম মালেক রাঃ হাসান বাসারী থেকে শিক্ষা নিয়েছেন
ইমাম শাফী রাঃ মোহাম্মাদ থেকে শিক্ষা নিয়েছেন
ইমাম আহমদ রাঃ আবু ইঊসূফ থেকে শিক্ষা নিয়েছেন
ইমাম বুখারী রাঃ ইমাম আহমদ থেকে শিক্ষা নিয়েছেন
ইমাম মুসলিম রাঃ বুখারী থেকে শিক্ষা নিয়েছেন
( তাদের হাজারো উস্তাদ আছেন। এখানে জাস্ট একটা উদাহরণ টানলাম ।)
এভাবে, ইতিহাসে অতিবাহিত হয়ে যাওয়া দ্বীনে ইসলামের সম্মানীত খাদেমগণ কোন না কোন শায়খ থেকে কোরআন/হাদিস/ফিকাহর জ্ঞান লাভ করেছেন। কেউ কখনো ঘরে বসে বসে জ্ঞানার্জন করেন নাই। বরং দ্বীনি জ্ঞানার্জনের জন্য বা শায়খ ধরার জন্য হাজার হাজার মাইল অতিক্রম করেছেন৷
২. দালিলিক কারণ -
সালাফদের বিভিন্ন কথা ও বর্ণনা থেকে প্রমাণিত হয়, কোরআন-হাদীসের জ্ঞানার্জন ফরজ । আর উস্তাদ ও শায়খ থেকে শিক্ষার্জন করা দ্বীনেরই একটা অংশ। যেমন ইমাম ইবনে সীরীন ও ইমামমালিক রা. বলেন,
إن هذا العلم دين فانظروا عمّن تأخذون دينكم
" নিশ্চয় এই জ্ঞান ( কোরআন-হাদিসের) দ্বীনেরই একটা অংশ। লক্ষ করো, তোমরা কাদের থেকে তোমাদের দ্বীনি জ্ঞান নিচ্ছ "
সূত্র: আল-কিফায়াহ, খতীব বাগদাদী পৃ. ১২১, ১৫৯।
এ থেকে স্পষ্টত দু'টি বিষয় ক্লিয়ার হয় -
১. যে কেউ থেকে কোরআন-হাদিসের জ্ঞান অর্জন করা যাবে না। বরং ঔই ব্যক্তি থেকে দ্বীনি জ্ঞান লাভ করা যাবে, যিনি -
√ কোরআন-হাদিসের জ্ঞানে পারদর্শী
√ মুত্তাকী ও পরহেযগার
√ ইলম অনুযায়ী আমলকারী
√ মিথ্যা / গীবত ইত্যাদি থেকে বিরত থাকেন।
২. দ্বীনী জ্ঞান কোন না কোন যোগ্য শায়খ থেকে শিখে নিতে হয়। কেবল এরা দুজন নয় ; এই মর্মে ইমাম আহমদ, ইউসূফ সহ প্রমূখ সালাফ থেকে বর্ণিত আছে যে, দ্বীনি শিক্ষা কোন না কোন মুত্তাকী ও পরহেযগার বিজ্ঞ-প্রাজ্ঞ আলেম থেকে শিখে নিতে হয় ৷
এ হচ্ছে ইতিহাস পর্যালোচনার কথা। এবার আসি, বাংলাদেশ ছাড়া আরব বিশ্বে কিভাবে বুখারীর দারস হয়ে থাকে। আমি যেহেতু সৌদি আরব থাকি, তাই এখানকার চাক্ষুষ অভিজ্ঞতা থেকে বলি।
স্বভাবতই ভাষাগত কারণে আমরা তাদের থেকে কোরআন-হাদিসের জ্ঞানে সার্বিক বিবেচনায় পিছিয়ে আছি। কোরআন-হাদিসের ভাষাই তাদের মাতৃভাষা। সুতরাং, তারা চাইলে সহজে দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে। চাইলে তারা ঘরে বসে বসে একাকী পড়ে অনেক বড় মুফতি / মুহাদ্দীস / মুফাসসির হতে পারে৷
কিন্তু, বাস্তব সত্য জানেন কি ?
তাদের দেশের শায়খরা তাদেরকে ঘরে বসে বসে মার্কেট থেকে বুখারী ক্রয় করে একা পড়তে উৎসাহীত করেন না। তাই আরবের আপামর তাওহিদী জনতা কোরআন-হাদিসের দারস হয়তো একাডেমিক গ্রহণ করে থাকে, নতুবা কোন না কোন শায়খ থেকে ব্যক্তিগত শিক্ষা লাভ করে থাকে।
একটা প্রমাণ উল্লেখ করি -
আপনারা যারা উমরাহ/ হজ্জ্ব করতে আসেন, তারা দেখতে পাবেন মক্কা বা মদিনার হারামে বা বিভিন্ন মসজিদে হালকায়ে দারস হচ্ছে। এসব দারসে সম্মানীত শায়খরা বিভিন্ন বিষয় ভিত্তিক দারস দিচ্ছেন আর সামনে থাকা যুবক-বৃদ্ধ শ্রোতা কানপেতে শুনছেন। অর্থাৎ, যারা একাডেমিক পড়ে নাই, তারা কোরআন-হাদিসের জ্ঞান একা একা ঘরে বসে না শিখে হারামে এসে বিভিন্ন শায়খ থেকে শিখে নিচ্ছেন। এছাড়াও, হারামের বিভিন্ন কর্ণারে বিভিন্ন সময় দেখা যায়, একজন শায়খ ও একজন ছাত্র গভীর মুতা'লায় ব্যস্ত৷ অর্থাৎ, দ্বীনের তালিবে ইলম তার পছন্দনীয় শায়খ থেকে একাকী দারস নিচ্ছেন।
ছোট্ট একটা উদাহরণ বলি,
যারা আমাদের প্রেক্টিসিং মুসলিম ভাইদেরকে বাংলা বুখারী কিনে একাকী পড়ার পরামর্শ দেন, তাদের জ্ঞাতার্থে খোদ ইমাম বুখারী রাঃ তার অনবদ্য গ্রন্থ " সহীহ আল-বুখারী " সংগ্রহের সংক্ষিপ্ত কাহিনী বলছি -
ইমাম বুখারী রাঃ স্বয়ং তার শায়খ / উস্তাদ সংখ্যা বর্ণনায় নিজে বলেন -
كتبت عن ألف و ثمانين رجلا ليس فيهم إلا صاحب الحديث
" আমি এক হাজার আশিজন শায়খ থেকে হাদিস লিখেছি। যাদের সবাই হাদিস বিশেষজ্ঞ। "
সূত্র : সিয়ারু আ'লামিন নুবালা - ৩৯৫
এ তো গেলো উনার শায়খ সংখ্যা। এবার দেখা যাক, উনার ছাত্র সংখ্যা কতো বা কতজন মুহাদ্দিস উনার থেকে হাদিস শিক্ষা নিয়েছেন -
ইমাম মুহাম্মাদ বিন ইউসুফ আল-ফিরাবরী রাঃ ইমাম বুখারীর শিষ্য সংখালোচনায় বলেন -
سمع كتاب الصحيح لمحمد بن إسماعيل تسعون ألف رجل
অর্থাৎ, " ইমাম বুখারী রাঃ এর অনবদ্য গ্রন্থ " কিতাবুস সাহীহ বা সাহীহ বুখারী " তার থেকে নব্বই হাজার লোক শ্রবণ করেছেন। "
চিন্তা করুন, যে বুখারীকে মার্কেট থেকে কিনে একাকী পড়ার পরামর্শ দেওয়া হয়, সেই বুখারী গ্রন্থই সম্মানীত লেখক তথা ইমাম বুখারী এক হাজার আশিজন থেকে সংগ্রহ করেছেনে এবং তা থেকে প্রায় নব্বই হাজার লোক শিষ্যত্ব গ্রহণ করেছেন।
এবার আলোচনা করব একাকী স্টাডির নেতিবাচক এবং কোন শায়খ থেকে শিক্ষা নেওয়ার ইতিবাচক দিক নিয়ে -
আপনি একাকী স্টাডি করলে যেসব শূন্যতা ফীল করবেন -
১. একটা সুন্নাহ ও সালাফের আমল থেকে বঞ্চিত থাকবেন
২. হাদিসের মান নির্ণয়ে বিপাকে পড়বেন
৩. হাদিসের মধ্যকার তা'আরুজ নিয়ে বিশাল ঝামেলায় পড়বেন
৪. নাসিখ-মানসুখ না জানা থাকায় বিরাট সমস্যায় পড়বেন
৫. শয়তানি ওয়াসওয়াসায় সবসময় ভোগবেন
কোন বিজ্ঞ ও প্রাজ্ঞ শায়খ থেকে শিক্ষা নিলে যা উপকৃত হবেন -
১. একটা সুন্নাহ এর উপর আমল হবে
২. সালাফদের দেখানো পথ অনুসরণ হবে
৩. কোনটা সহীহ-জইফ জানতে পারবেন
৪. নাসেখ-মানসুখ আয়াত ও হাদীস জানতে পারবেন
৫. হাদীসের আনুষাঙ্গিক আলোচনা জানতে পারবেন
৬. তাআরুজ হাদিসে তারজীহ কোনটি তা জানতে পারবেন
৭. হাদিস সংশ্লিষ্ট মাসালা জানতে পারবেন
৮. বিভিন্ন রাবীদের সম্পর্কে জ্ঞানার্জন করতে পারবেন
৯. দ্বীনের তালিবে ইলম এর প্রকৃত মর্যাদা পাবেন
১০. আপনার দ্বীনি শিক্ষার সিলসিলা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে পারবেন।
প্রিয় দ্বীনি ভাইয়েরা,
আপনারা দ্বীনি কাজে আগ্রহী হচ্ছেন, দ্বীনি জ্ঞানার্জনে অগ্রবর্তী হচ্ছেন- এটা আমাদের জন্য বড় খুশীর সংবাদ। আমরা চাই, আপনাদের এই মহৎ প্রচেষ্টা সালাফদের কাজের সাথে মিল হোক। তাই, সকলের প্রতি অনুরোধ থাকবে যে, মার্কেট থেকে বাংলা বই কিনে একাকী পড়াশোনা না করে নিজের পছন্দ মোতাবেক আশপাশের কোন গ্রহণযোগ্য শায়খ থেকে দারস গ্রহণ করবেন। অথবা সময়-সুযোগ না হলে একাকি পড়েন, তবে অন্তত দূরবর্তী হলেও একজন দ্বীনি মেন্টর মেনে পড়ার চেষ্টা করবেন এবং যাস্টিফাই করে নিবেন । এতে আপনার প্রচেষ্টায় পরিপূর্ণতা পাবে এবং আপনি একজন পূর্ণাঙ্গ তালিবে ইলম এর মর্যাদা পাবেন ইনশাআল্লাহ ।