চতুর্থ অধ্যায় · বিবিধ

সাহাবায়ে কেরাম কিভাবে ফতোয়া দিতেন ?

এক নজরে জেনে নেই যে, সাহাবায়ে কেরাম রাঃ কিভাবে ফতোয়া দিতেন।

একদা এক ব্যক্তি ইবনে উমার রাঃ কে এক মাস'আলা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ইবনে উমার রাঃ মাস'আলা শুনে মাথা নিচু করে রইলেন, প্রশ্নকারীর কোন উত্তর দিচ্ছিলিনেন না৷ প্রশ্নকারী ধারণা করলেন যে, ইবনে উমার রাঃ হয়তো তার মাস'আলাটির জিজ্ঞাসা শুনেন নাই৷

ফলে,  লোকটি ইবনে উমার রাঃ কে বললেনঃ

আল্লাহ আপনার প্রতি রহম করুক, হে ইবনে উমার,  আপনি কি আমার মাস'আলা শুনেন নাই ?

ইবনে উমার রাঃ বললেন -

অবশ্যই, শুনেছি !  তবে, আপনারা মনে করেন যে, আপনারা আমাদেরকে যে বিষয়ে জিজ্ঞেস করেন, সে বিষয়ে আল্লাহ তা'লা আমাদেরকে জিজ্ঞেস করবেন না !

ইবনে উমার রাঃ আরো বললেন -

বিষয়টি আমাদের উপর ছেড়ে দিন। আমরা বিষয়টি নিয়ে গভীর চিন্তা-ভাবনা করবো। যদি আমাদের কাছে যথোপযুক্ত উত্তর থাকে, তাহলে আপনাকে জানাবো৷ আর যদি কোন উত্তর না পাই, তাহলে বলবো এই বিষয়ে আমাদের কাছে কোন ইলম নাই৷  সূত্র -  طبقات ابن سعد ط العلمية (4/126)

আল্লাহু আকবার!

এবার চিন্তা করুন, জলিলুল কদর সাহাবী ইবনে উমার রাঃ ফতোয়ার ব্যাপারে কতইনা সতর্ক ছিলেন। সাহাবায়ে কেরাম রাঃ কখনো ফতোয়া দিয়ে দায়মুক্তি মনে করতেন না৷ তাঁরা ফতোয়া প্রদানে আল্লাহকে ভয় করতেন। আল্লাহর জিজ্ঞাসার ব্যাপারে সতর্ক থাকতেন। পূর্ণাঙ্গ পাকাপোক্ত না হয়ে কখনো কোন ফতোয়া দিতেন না৷

উল্লেখ্য, ফতোয়া মানেই কোর'আন-হাদিসের দলীল থাকলেই বলে দেওয়া নয়। বরং, প্রশ্নকারীর অবস্থা, পরিবেশ ও সময় ইত্যাদি বিবেচনা করতঃ কোর'আন-হাদিস ও ফতোয়ার মূলনীতির আলোকে সমাধান দেওয়াকে ফতোয়া বলে৷

ইবনে জামা'আহ রাহিমাহুল্লাহ বলেন –

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অধিকাংশ সাহাবী তো খুব কমই ফতোয়া দিতেন৷ এমন অনেক সাহাবী আছেন, যাদের জীবদ্দশা থেকে মাত্র দু'একটি ফতোয়ার কথা জানা যায়৷ অধিকাংশ সাহাবী'ই সতর্কতাবশত ফতোয়া প্রদান থেকে বিরত থাকতেন৷

সূত্র - تذكرة السامع والمتكلم ص 23