চতুর্থ অধ্যায় · বিবিধ

সহীহ হাদিস পাইলেই কি আমলযোগ্য হয়ে যায় ?

আমাদের অনেক প্রিয় দ্বীনি ভাই আছেন , যারা বলেন- আমরা কেবল সহীহ হাদিস পাইলে আমল করি; অন্য কিছু নয় ! কথাটা অত্যন্ত সুন্দর । তব এখানে বুঝার একটু ঘাটতি আছে । হাদিস শুধু সহিহ হলেই চলবে না , বরং আমলযোগ্য কি না , তাও দেখতে হবে । এ নিয়ে ছোট্ট একটা বিতর্ক ও আলোচনা পড়ে নিন ।

কিছুদিন পূর্বে একজন লা-মাজহাবী ভাই এসে আমাকে বললেন  -

ভাই, আমরা তো কেবল সহীহ হাদিস পাইলে মানি৷ অন্য কিছু নয় !

আমি তখন বললাম  -

বাহ, বেশ ভালো তো !  আচ্ছা, আমাকে কি তিরমিজী শরীফের ১৮৭ নং হাদিসটা দেখে কিছু জানাবেন ?

তিনি বললেন -

হাদিসটিতে লেখা  -  রাসুল ( সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) ভয় অথবা বৃষ্টিজনিত কারণ ছাড়া মদীনাতে জোহর ও আসর এবং মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করেছেন ।

আমি তখন বললাম -

আচ্ছা ভাই, আপনি এই হাদিস অনুযায়ী প্রতিদিন আমল করছেন তো ?

তিনি বললেন -

নাহ, এটার উপর আমল করছি না৷

আমি তারপর বললাম -

কেন ?  নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতো সহজ করে দিয়েছেন । কি দরকার আমাদের জোহরের জন্য আলাদাভাবে বিরতি দেওয়ার, আমরা আসরের সময় এক সাথে জোহর ও আছর পড়ে নিব । এবং এশার সময় এক সাথে মাগরিব ও এশা পড়ে নিব ।

আরো দেখুন, হাদিসের শেষে এটাও লেখা আছে যে, হযরত ইবনে আব্বাস রাঃ বলেনঃ

উম্মতের অসুবিধা হ্রাস করাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্য ছিল । তো কেন আপনি চার ওয়াক্তে চার নামাজ পড়ে নিজেকে কষ্ট দিচ্ছেন, দুই ওয়াক্তে চারটা পড়ে নিন৷

তিনি বললেন -

এটা হয়তো সফরের সময় নামাজের কথা বলেছেন।

আমি বললাম -

নাহ, দেখেন !  হাদিসেই লেখা আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদীনাতে মুকীম ছিলেন। সফরে নয়। আর হাদিসটি ইমাম তিরমিজী রাঃ সফরের অধ্যায়েও আনেন নি। তাহলে এটা সফরের সময়ের জন্য হবে কেন ?

তিনি বললেন -

আচ্ছা, তাহলে আমি পরবর্তীতে জেনে আপনাকে জানাচ্ছি।

অতঃপর, ভাইটি গতকাল এসে আমাকে বললেন যে,  ইমাম তিরমিজি  রাঃ কিতাবুল ইলালে বলছেনঃ

এই হাদিস অনুযায়ী আমল করা যাবে না।

আমি বললাম -

ইন্না লিল্লাহ!  এ কি কন ভাই ? আপনি তো দেখি আমাদের মতো মুকাল্লিদ হয়ে গেলেন!  আমি আপনাকে  রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহীহ হাদিস পেশ করেছি। আর আপনি আমল করছেন ইমাম তিরমিজীর কথা। আপনি সহীহ হাদিস এর উপর আমল বাদ দিয়ে ইমাম তিরমিজী রাঃ এর কথার উপর আমল করছেন কেন ?

আমি আরো বললাম -

ভাই দেখেন, আমরা যখন এরকম ব্যাপারে ইমাম আজম আবু হানীফা রাঃ এর গবেষণালব্ধ মতামত গ্রহণ করি, তখন আপনারা আমাদেরকে হানাফী মুকাল্লিদ বলে গালি দেন। অথচ, আপনারাই আবার চাপে পড়ে ইমাম তিরমিজীর তাকলীদ করলেন?!  আমাদের তাকলীদ করা অবৈধ হলে, আপনাদের তাকলীদ করা বৈধ কেন ?  কেন এই ডাবল স্ট্যান্ডবাজি ? 

আমি তখন আরো বললাম -

ভাই দেখেন, ইমাম ইবনে হাজার আসকালানী রঃ ফাতহুল বারীতে ১/৩৯৭ লিখেছেনঃ “এমন বহু হাদিস আছে, যেগুলো সহিহ কিন্তু মানসুখ হয়ে গেছে ।”

আর আপনি যেই কিতাবের রেফারেন্স দিয়ে বললেন, সেখানে ইমাম তিরমিজি রঃ এটাও বলেছেন যে, ফুকাহায়ে কেরামই হাদিসের অর্থ সব থেকে ভালো বুঝেন !

পরিশেষে এ কথাও বললাম, আপনারা আর আমাদের পার্থক্য হচ্ছে, আমরা শ্রেষ্ঠ ফোকাহাগণের তাকলীদ করি আর আপনারা মন-চাহিদা যখন-তখন যে কোন শায়খের তাকলীদ করেন।

বিঃদ্রঃ- শায়খ মুফতী বেলাল বিন আলী ( হাফিজাহুল্লাহ)  এর বর্ণিত ঘটনাবলম্বে ঈষৎ সম্পাদিত ও পরিমার্জিত !

এছাড়া যে কোন হাদিস পাইলেই আমলযোগ্য মনে করার আগে, নিচের লেখাটা পড়া প্রয়োজন । তবে আশা করি বিষয়টি আরো ক্লিয়ার হবে, ইনশাআল্লাহ !

হাদিস শাস্ত্রকে অনুগ্রহ করে পান্তা ভাত মনে করবেন না। কোন হাদিস সহীহ হলেই, এর সমাপ্তি মনে করবেন না। কোন হাদিস জঈফ হলেই, এর নিঃশ্বাস ত্যাগ ধারণা করবেন না।

আমরা তো অনেকেই মনে করি, একটা হাদিস সহীহ হওয়া মানেই আমল শুরু। আগ-পিছ কিছু ভাবার সুযোগ নাই কিংবা কোন ফকীহ ও মুহাদ্দিসের কথা শুনার প্রয়োজন নাই।

অথচ প্রিয় ভাইয়েরা,  রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এমন অনেক সহীহ হাদিস আছে, যা একাধিক অর্থ/উদ্দেশ্য এর সম্ভাবনা রয়েছে। এমনও অনেক হাদিস আছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নির্দিষ্ট করেছে, আবার কখনো অনির্দিষ্ট করেছেন।

যেমনটি শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রাহঃ বলেন -

 والأحكام يبينها ‘ تارة بصيغة عامة وتارة بصيغة خاصة.

অনুবাদ  -

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক হুকুম-আহকাম কখনো ব্যাপক অর্থ বোধক শব্দ দ্বারা কখনো বা নির্দিষ্ট অর্থবোধক শব্দ দ্বারা বলেছেন।”

সূত্র -মিনহাজুস সুন্নাহ ১/৩০৯

একটা হাদিসের একাধিক ব্যাখ্যা ও অর্থের সম্ভাবনা রাখে, যা বিবিধ দিক বিবেচনায় জাজ করতে হয়। একজন সাধারণ পাঠকের জন্য শুধু হাদিসের বাংলা পড়েই ফাইনালাইজ করা মোটেও ঠিক না। বরং, ফোকাহা ও মুহাদ্দিসের ব্যাখ্যা জানা অতীব জরুরি। নতুবা, বিভ্রান্ত ও পথভ্রষ্ট হতে পারে।

যেমনটি, হাদিস ও ফিকাহ শাস্ত্রের ইমাম আবু ইউসূফ রাহিমাহুল্লাহ বলেন  -

ولحديث رسول الله‘ معاني، ووجوه، وتفسير لا يفهمه ولا يبصره إلا من أعانه الله عليه

“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী অনেক অর্থ-সমৃদ্ধ, বিভিন্ন দিক ও ব্যাখ্যা পূর্ণ হয়। আল্লাহ তাআলা যাকে যোগ্যতা দান করেন, কেবল সে ব্যক্তি তা হৃদয়ঙ্গম ও তার গভীরে পৌছতে সক্ষম হয়।”

সূত্র  -আররাদ্দু আলা সিয়ারিল আওযায়ী পৃ. ১৪

দেখুন, মুহাদ্দিসগণ বলছেন- একটা হাদিসের কত অবস্থা হতে পারে। অথচ আমরা অনেকেই হাদিসের বাহ্যিক দেখেই আমল শুরু করি আর বিপরীত মতকে বাতিল স্বীকৃতি দিয়ে থাকি।

হাদিস সহীহ হওয়া একটা পার্ট বটে। তবে, হাদিসের সবকিছু না। একটা হাদিসের অনেক বিষয় থাকে। তারপর, আমল করতে হয়। যেমন -

১. হাদিসের সনদ ও মতনের বিশুদ্ধতা

২. হাদিসের সু-স্পষ্ট অর্থ ও উদ্দেশ্য উদঘাটন করা

৩. হাদিস নাসিখ-মানসুখ কি না, তা যাচাই করা

৪. হাদিসের বৈপরীত্য আছে কি না, তা দেখা

৫. হাদিসটা রাসূলের জন্য খাস কি না, তা যাচাই করা

ইত্যাদি সব যাচাই-বাছাই শেষে একটা হাদিসের উপর মুহাদ্দিস ও ফোকাহাগণ আমলি ফায়সালা করে থাকেন। অথচ, আমরা অনেকেই মনে করি, হাদিস সহীহ হলেই সব শেষ। আর কোন কিছু দেখার দরকার নেই।

উপরোক্ত বক্তব্যের সমর্থন মিলে শায়খুল ইসলাম ইবনে তাইমিয়্যা রাহঃ এর একটা বক্তব্যে -

 فكم من حديث صحيح ومعناه فيه نزاع كثير

“বহু হাদীস এমন আছে যা বিশুদ্ধ কিন্তু তার অর্থে রয়েছে অনেক মতানৈক্য।”

সূত্র  -নাকদু মারাতিবিল ইজমা পৃ.৩০৪

এবার চিন্তা করুন,

যেখানে শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রাহঃ বলছেন, হাদিস সহীহ হওয়ার পরেও মতানৈক্য থেকে যায়, অথচ আমরা অনেকেই হাদিস সহীহ দেখার পরেই আমলের জন্য যথেষ্ট মনে করি, যা সঠিক পদ্ধতি নয় !