হানাফি মাজহাব এর উসুল কি ? (১)
উসূল অর্থ হচ্ছে , মূলনীতি । যে মুলনীতির আলোকের কোরান-হাদিস থেকে মাসালা-মাসাইল বের করা হয়ে থাকে । উসূল বা মূলনীতি প্রত্যেক মাজহাবেই বিদ্যমান রয়েছে । আমরা এই লেখায় হানাফি মাজহাবের চমৎকার দু’টি মূলনীতি জানব , ইনশা আল্লাহ । এতে করে আমাদের অনেক ভুল ধারণা দুরিভূত হবে , ইনশা আল্লাহ !
উসূল বা মূলনীতি আবার কী ?
আমরা হাদীসে যা পাব ; তাই আমল করবো। তাই না ?
উপরের কথাগুলো মানুষ দু’কারণে বলে –
১. হাদিস সম্পর্কে অজ্ঞতা
২. উসূল সম্পর্কে অজ্ঞতা
অথচ, নিয়ম হচ্ছে - একটা হাদিস জানার পর সেটার উপর আমল করতে হলে সেই হাদিসটার অবস্থা ও আমলের মূলনীতি জানতে হবে৷ নতুবা, সহজে বিভ্রান্তিতে পতিত হতে পারেন ৷
উসূল কি জিনিস ?
আর এটার প্রয়োজনীয়তা কি?
বা এটার ব্যবহারবিধী কি ?
ইত্যাদি সব বিষয়ের জবাব সংক্ষিপ্ত একটা হানাফী মাজহাবের উসূল বা মূলনীতি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ তাওফীক দাতা !
ধরুন,
হানাফী মাজহাবের একটা উসূল হচ্ছে -
কোন রাবী যদি একটা হাদীস বর্ণনা করেন এবং হাদিসটা সহীহ৷ কিন্তু, রাবী এর বিপরীত আমল করে থাকেন। তাহলে হানাফী মাজহাবের মূলনীতি হল - বর্ণনাকারীর হাদীস ধর্তব্য না ; বরং উনার আমল’ই ধর্তব্য৷ এ ক্ষেত্রে বর্ণিত হাদিস’টা মানসুখ ( রহিত) আর আমলটাকে নাসিখ ( রহিতকারী) হিসেবে বিবেচ্য হবে৷
উদাহরণস্বরূপ -
১. আবু হুরায়রা রাঃ বর্ণনা করেন যে, রাসূল সাঃ বলেছেন - যদি কুকুর তোমাদের কারো পাত্র থেকে পান করে নেয়, তাহলে সে যেন তা সাত বার ধৌত করে নেয়। ( বুখারী;মুসলিম)
এই হাদিস’টার দিকে লক্ষ্য করুন! স্পষ্ট বলা হচ্ছে যে, কোন পাত্রে কুকুর পান করে থাকলে, সেটাকে সাত বার ধৌত করতে হবে৷ আর হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু!
কিন্তু, অপর আরেকটা সহীহ হাদিসে পাওয়া যায় যে, আবু হুরায়রা রাঃ নিজেই এমতাবস্থায় সাত বার ধৌত না করে মাত্র তিন বার ধৌত করার ফতোয়া দিয়েছেন !
সূত্র – সুনানে দারে কুতনি , ১/৬৬
এবার দেখা গেলো -
আবু হুরায়রা রাঃ এর বর্ণিত হাদিস এবং তার ফতোয়ার মধ্যে পরস্পর বিরোধ রয়েছে৷ অর্থাৎ, তাঁর বর্ণিত হাদিসে সাত বারের কথা আর আমলে পাওয়া যায় তিন বারের কথা৷ এমতাবস্থায়, উম্মাহের করণীয় কী ? করণীয় হলো, একটা মূলনীতি দাঁড় করা বা উসূল এর দিকে ধাবিত হওয়া !
এই জায়গায় এসে ইমামে আজম আবু হানীফা রাঃ ফতোয়া দেন যে, রাবীর আমলের উপর হুকুম সাব্যস্ত হবে। কারণ, বর্ণিত হাদিস’টি মানসুখ হতে পারে৷ নতুবা, জালিল কদর সাহাবী কখনো রাসূল সাঃ এর কথার বিপরীতে আমল করতেন না৷
এবার,
আপনাদেরকে শেষ একটা কথা বলি -
ধরুন,
আপনি একটা হাদিসের গ্রন্থ ও একটা হানাফী মাজহাবের ফতোয়া গ্রন্থ পড়তাছেন।
১. হাদিস গ্রন্থে পড়লেন –
রাসূল সাঃ বলেছেন - কুকুরে পান করলে পাত্র সাতবার ধৌত করতে হবে৷
২. ফতোয়া গ্রন্থে পড়লেন –
ইমামে আজম বলেছেন - কুকুরে পান করলে তিনবার ধৌত করলে চলে৷
আপনি না জানেন উসূল, না জানেন হাদিসের হুকুম - তবে উভয়টা পড়ে বললেন -
সর্বনাশ ! আবু হানীফা রাহঃ এসব কি করলেন ? রাসূল বলেছেন, সাত বার আর তিনি ফতোয়া দিলেন তিন বার !!
তখন হয়তো আরো বলবেন, আশ্চর্য ! আবু হানীফা তো কোন হাদিস’ই জানেন না। শুধু কিয়াস করেন। নিশ্চিত, আবু হানিফার কাছে এই হাদিস পৌঁছে নাই!
প্রিয় ভাই আমার,
মাজহাবের বিষয়টা ঠিক এই জায়গায় এসে ঠেকে৷ আপনি হয়তো আক্ষরিক জ্ঞান দিয়ে দেখতাছেন - আবু হানীফা রাঃ বুখারী /মুসলিম কিংবা অন্যান্য সহীহ হাদিস থাকা সত্ত্বেও নেননি৷ কিন্তু, পিছনের কাহিনি হয়তো জানেননি। তাই তো, মন চাহিদা আজেবাজে কথা বলছেন! আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক!
ফি হিফজিল্লাহ !
২
হানাফী মাজহাবের একটি চমৎকার উসূল বা মূলনীতি এবং মাজহাব নিয়ে বিভ্রান্তির নিরসন
ইতিপূর্বে বলেছি যে, হাদীস কিংবা ফিকাহ বলেন ; মূলনীতি না জানার কারণে অনেকের মনে বিভ্রান্তি তৈরী হয়। ফলে, যে কোন মাজহাব নিয়ে সহজে গালমন্দ বা বদ-গোমান চলে আসে৷ বস্তুত, কেউ যদি প্রত্যেক মাজহাবের স্বতন্ত্র মূলনীতিগুলা জানে ও ভালো করে বুঝে, তাহলে আশাকরি কেহ মাজহাবকে কোর'আন-হাদিসের মুখামুখি হিসেবে দাঁড় করাবে না৷
হাদীসের ক্ষেত্রে হানাফী মাজহাবের একটা চমৎকার মূলনীতি বা উসূল হলো -
" খবরে ওয়াহিদ হাদীস যদি কোর'আনে কারীমের আ'ম আলোচনার বিপরীত বা বর্ধিত কিছু হয়, তাহলে কোর'আনের আ'ম আলোচনার উপর আমল হবে। খবরে ওয়াহীদকে কেতঈ হিসেবে গ্রহণ করা যাবে না। "
নোটঃ হাদীস বর্ণনার দিক দিয়ে দু'প্রকার -
১. মুতাওয়াতীর
এমন হাদিসকে বলে, যার বর্ণনাকারী প্রত্যেক যুগে অগণিত হয়ে থাকেন। এতে মিথ্যার কোন অবকাশ থাকে না৷
২. খবরে ওয়াহিদ
এমন হাদিসকে বলে, যার বর্ণনাকারী একজন, দু'জন বা তিনজন হয়ে থাকেন , তবে মুতাওয়াতির পর্যায়ে কখনো না ।
আশাকরি, খবরে ওয়াহীদ কি, তা জানা হয়ে গেছে। এখন উপরোল্লিখিত হানাফী মাজহাবের উসূল বা মূলনীতি এর ব্যাখ্যা দিচ্ছি -
ধরুন, কোর'আনে কারীমে একটা হুকুম এসেছে আর হুকুমটা একেবারে আ'ম ( ব্যাপক ) আলোচনা। নিয়ম হচ্ছে, আ'ম ( ব্যাপক) হুকুমকে খাস ( নির্দিষ্ট) করবে কোর'আনের অন্য আয়াত বা হাদীস৷
এবার যদি কোর'আনের আ'ম ( ব্যাপক ) হুকুমকে খাস ( নির্দিষ্ট ) করতে চায় কোন খবরে ওয়াহিদ হাদীস, তাহলে এই ক্ষেত্রে তা গ্রহণযোগ্য হবে না। কেননা, হাদিসের মূলনীতিতে, খবরে ওয়াহীদ ইলমে জান্নী ( সন্দেহপ্রবণ ) এর ফায়দা দেয়। কেতঈ বা নিশ্চিত কোন কিছুর ফায়দা দেয় না। যদিও তা রাবীর দিক থেকে বা সব দিক দিয়ে হাদীসটা সহীহ৷
এবার উপরোক্ত মূলনীতির একটা উদাহরণ কোর'আন ও হাদীস থেকে পেশ করি -
১. কোর'আনে কারীমে সূরায়ে হাজ্জ্বের ৭৭ নং আয়াতে আল্লাহ তা'লা বলেন -
اركعوا وواسجدوا
তোমরা রুকু করো এবং সেজদা করো।
খেয়াল করুন, উপরোক্ত আয়াতে আল্লাহ তা'লা একটা আম ( সাধারণ ) ঘোষণা দিয়েছেন সেজদা করার জন্য । সেজদাহ কিভাবে করবে বা কি কি অঙ্গ সেজদার অন্তর্ভুক্ত, তা কোর'আনের কোথাও বর্ণিত নয়৷ আর সরল অর্থে সেজদাহ হচ্ছে, কপালটা মাটিতে স্পর্শ করালেই চলে৷
২. সহীহ হাদীসে এসেছে, রাসূল সাঃ বলেছেন, আমি আদিষ্ট হয়েছি সাতটা অঙ্গপ্রত্যঙ্গে সেজদাহ করতে৷ প্রথমতো, কপাল। তারপর, রাসূল সাঃ ইশারাহ করে বলেন, দু'হাত, দু'হাটু ও দু'পায়ের গোড়ালি ইত্যাদি। ( বুখারী ; ১৫৪ )
এবার খেয়াল করুন, কোর'আনে বর্ণিত কেবল সেজদা'র কথা। কিন্তু, এই হাদিসে এসেছে - সেজদাহ হতে হবে সাতটা অঙ্গপ্রত্যঙ্গের মাটির সাথে মিলনের মাধ্যমে৷ তাহলে পাওয়া গেলো, কোর'আনের আম হুকুমকে এই হাদীস এসে খাস বা নির্দিষ্ট করতেছে৷
আমরা পাইলাম, কোর'আনের আ'ম ( সাধারণ) হুকুম ও হাদিসের খাস ( নির্দিষ্ট ) আলোচনা।
এই জায়গায় এসে, ইমামে আজম আবু হানীফা রাঃ বলেন, এ ক্ষেত্রে আমরা কোর'আনের আম হুকুমকে প্রাধান্য দিবো৷ হাদিসের খাস হুকুমকে আম হুকুমের উপর প্রাধান্য দিবো না। কেননা, হাদীসটা মুতাওয়াতির পর্যায়ের নয় ; বরং, খবরে ওয়াহীদ৷ যদি হাদিসটা মুতাওয়াতির হতো, তাহলে মেনে নিতে কোন বাঁধা ছিলো না৷ কেননা, মুতাওয়াতির হাদিস ইলমে ইয়াকিন এর ফায়দা দেয় আর খবরে ওয়াহীদ ইলমে জান্নি এর ফায়দা দেয় ।
নোটঃ এই মূলনীতিতে, ইমাম আজম আবু হানীফা রাঃ খবরে ওয়াহীদকে ফারজ হিসেবে না ধরে সুন্নাহ হিসেবে গ্রহণ করে থাকেন।
শেষকথা , উপরের আলোচনা থেকে আমরা বুঝলাম যে, হাদীস কেবল সহীহ হলে আর বুখারীতে আসলেই আমলের উপযুক্ত হয় না। বরং, আরো কিছু কথা বাকি থেকে যায়৷ আর বাকি কথার মধ্যে এটি অন্যতম একটি !
সহীহ হওয়া সত্ত্বেও খবরে ওয়াহীদ হাদিসকে গ্রহণ করা যাবে কি না, এই ব্যাপারে ইমামদের বিশাল মতানৈক্য রয়েছে৷ ইমাম আজম আবু হানীফা রাঃ বলেন, পাঁচটি শর্তের মাধ্যমে খবরে ওয়াহীদকে গ্রহণ করা যায় অন্যথায়, তা সহীহ হওয়া সত্ত্বেও গ্রহণ করা যাবে না ।
এবার, আপনি হয়তো খবরে ওয়াহিদ চিনেন না, মুতাওয়াতির জানেন না, ওয়াহিদ গ্রহণ করার শর্ত জানেন না৷ কিন্তু, শুধু দেখলেন হাদীসটা সহীহ বা বুখারী/মুসলিমে এসেছে ; বাট, আবু হানীফা রাঃ গ্রহণ করেন নাই ।
তাহলে কি বলবেন, আবু হানীফা হাদীস জানেন না ? আবু হানীফার কাছে হাদীস পৌঁছে নাই ? আবু হানীফা দূর্বল রাবী ? আবু হানীফা হাদিস বিরোধী ?
সাবধান ! নিজের অজ্ঞতা দিয়ে কখনো উম্মাহের সালাফগণের ব্যাপারে মিথ্যা ধারণা করবেন না৷ উনারা কোর'আন-হাদিসের বিশাল পান্ডিত্ব নিয়েই ফতোয়া দিয়েছেন। সবকিছুর এদিক-ওদিক বিবেচনা করেই রায় দিয়েছেন৷ আলোচিত মাস'আলায় দেখেন, তিনি হয়তো খবরে ওয়াহিদ হাদিসকে ফারজ হিসেবে গ্রহণ করেন নাই, তবে কি কোর'আনের উপর আমল করেন নাই ? তাহলে কোন বিবেকে আপনি বলবেন, হানাফী মাজহাব মানেই কোর'আন-হাদীস বিরোধী ??
রাহিমাকাল্লাহ ইয়া আবা হানীফা
হাইয়াকুমুল্লাহ