তৃতীয় অধ্যায় · হানাফী মাযহাব

হানাফী মাজহাব এর বৈশিষ্ট কি ?

হানাফী মাজহাবের বৈশিষ্ট বলতে এখানে বুঝানো হচ্ছে , ইমামে আজম আবু হানিফা রাহঃ এর ফতোয়া প্রদানের মূলনীতি । আমরা এই লেখাতে জেনে নিব যে , ইমামে আজম আবু হানিফা রাহঃ কিভাবে ফতোয়া দিতেন ।

সহীহ সনদে ইমাম আবু হানীফা রাহঃ থেকে যে নীতিমালা উল্লেখিত হয়েছে , তার মূল খোলাসা হলো -

১ - মাসআলার সমাধান যখন কিতাবুল্লাহতে পাই তখন সেখান থেকেই সমাধান গ্রহণ করি। অর্থাৎ, কোন মাসালা সামনে এলে তিনি প্রথমে কোরানে তার সমাধান খুঁজতেন ।

২ - কোরানে না পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহ এবং সহীহ হাদীস থেকে গ্রহণ করি, যা নির্ভরযোগ্য রাবীদের মাধ্যমে প্রসিদ্ধি লাভ করেছে। সহীহ হাদীস আমাদের জন্য শিরোধার্য। একে পরিত্যাগ করে অন্য কিছুর শরণাপন্ন হওয়ার প্রশ্নই আসে না।

৩ - হাদিসেও যদি না পাই তবে সাহাবায়ে কেরামের সিদ্ধান্তের শরণাপন্ন হই। বিশুদ্ধ সূত্রে বর্ণিত ,তাদের বিভন্ন কথা গ্রহণ করি ।

৪ – কোরান , হাদিসু রাসূলিল্লাহ ও ইজমায়ে সাহাবার সামনে কিয়াস চলতে পারে না। তবে যে বিষয়ে সাহাবীগণের একাধিক মত রয়েছে সেখানে ইজতিহাদের মাধ্যমে যার মত কিতাব-সুন্নাহ্‌র অধিক নিকটবর্তী বলে মনে হয় তা-ই গ্রহণ করি। 

৫. মাসআলার সমাধান এখানেও পাওয়া না গেলে ইজতিহাদের মাধ্যমে সমাধানে পৌঁছে থাকি। তবে এক্ষেত্রেও তাবেয়ীগণের সর্বসম্মত সিদ্ধান্ত থেকে বিচ্ছিন্ন হই না।

সূত্র - আলইনতিকা ফী ফাযাইলিল আইম্মাতিছ ছালাছাতিল ফুকাহা, ইবনে আবদিল বার পৃ. ২৬১, ২৬২, ২৬৭

আর এই বিষয়ে ইমাম আযম আবু হানিফা রহ বলেন,

إذا جاء الحديث الصحيح الاسناد عن النبي ﷺ عن الثقات أخذنا به فإذا جاء عن أصحابه لم نخرج عن أقاويلهم فإذا جاء عن التابعين زاحمتهم

‘যখন নির্ভরযোগ্য রাবীদের মাধ্যমে রাসূলুল্লাহ (ﷺ) থেকে কোনো হাদীস সহীহ সনদে আমাদের কাছে আসে তখন আমরা তা গ্রহণ করি। যখন এরূপ কথা সাহাবীগণ থেকে বর্ণিত হয় তখন আমরা তাঁদের কথার বাইরে যাই না। আর যখন তাবিয়ীগণের কথা বর্ণিত হয় তখন আমরা তাঁদের সাথে ভীড়ের মধ্যে প্রবেশ করি।’

সূত্র - সাইমারী, আখবারু আবী হানীফা, পৃ. ৭৪; ইবন আব্দুল বার, আল-ইনতিকা পৃ. ১৪৪।

সম্মানিত পাঠক ,

জাযাকুমুল্লাহু খাইরান ! এই ছিলো ইমাম আজম আবু হানিফা রাহঃ এর ফতোয়া গ্রহণের মূলনীতি । প্রথমেই কোরান , হাদিস , ইজমায়ে সাহাবা থেকে দলিল গ্রহণ করতেন । এসবে একান্ত কোন মাসালার সমাধান না পেলে কিয়াসের শরণাপন্ন হতেন ।

সুবহানাল্লাহ ! অথচ , আমাদের অনেক ভাই দাবী করেন যে , আবু হানিফা রাহঃ শুধু কিয়াসকে প্রাধান্য দিতেন । আল্লাহ ক্ষমা করুক ! এটা স্পষ্ট মিথ্যাচার ।

গাফারাল্লাহু লানা