হানাফি মাজহাব এর হাদিস কি জইফ ? ২
হিজরির চতুর্থ শতাব্দী তথা আব্বাসী যুগ থেকে চার মাজহাবের পূর্ণাঙ্গতা, প্রসিদ্ধতা, অনুসরণ-অনুকরণ পুরোদম্পে শুরু হয়। সেই থেকে নিয়ে প্রায় এক যুগ মাজহাব চর্চা হয়। প্রত্যেক মাজহাবের উপর স্বতন্ত্র বই রচনা করা সহ বিশাল খেদমত হয় ৷ আল্লাহ সেসব উলামাদেরকে জাযায়ে খায়র দান করুক _ আমীন!
আধুনিক সময়ে এসে মাজহাবের বিরুদ্ধে বেশী তুলকালাম শুরু হয়৷ যদিও উনাদের সংখ্যা অতি নগণ্য ছিল। বিশেষত, আবু হানীফা রাঃ যে সব মাসালা রেফার করেছিলেন, সেগুলোকে দূর্বল বা জঈফ হাদীস প্রমাণে উঠেপড়ে লাগেন।
এর পিছনে মেইন কারণ ছিল __ উসূলু্মুল হাদিস ও উসূলুল ফিকাহ (( হাদিস ও ফিকার মূলনীতি)) এর মধ্যকার সমন্বিত জ্ঞান না থাকা। যারা একদম হাদিস নিয়ে গবেষণা ও উসূলুল ফিকাহ উপেক্ষা করেছেন। মূলে তারাই মাজহাবী ইমামদের হাদিসগুলা জঈফ বা দূর্বল প্রমাণে লেগেছিলেন।
বস্তুত, জ্ঞানের প্রত্যেক শাখার একটা মূলনীতি আছে। হাদিসের যেমন মূলনীতি আছে, ফিকাহ এর ও তেমন আছে। যারা উভয়ের মূলনীতি সামনে রেখে হাদিসের তাহকীম বা বিচার করেন, তাদের কাছে বিরোধ লাগার কথা না। আর যারা উভয়ের সমন্বিত তাহকীম করেন নাই, তাদের কাছে খটকা লাগারই কথা।
তারই একটা উৎকৃষ্ট প্রমাণ নিয়ে সাজানো হয়েছে এই লেখা। এটা হানাফী মাজহাবের অত্যন্ত সূক্ষ্ম বিষয়, তথাপি মনযোগ সহকারে পড়লে আশাকরি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাওফীক দাতা !
টপিক্স - মাজহুল ( অজ্ঞাত ) রাবীর হাদীস
মনে করুন, একজন রাবীর ( হাদিস বর্ণনাকারি ) মধ্যে গ্রহণযোগ্যতার সকল গুণাবলী বিদ্যমান। কেবল, আদালত নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে। অর্থাৎ, তিনি আদিল নাকি ফাসিক __ তা জানা যায়নি। আদিল হলে উনার হাদিস গ্রহণযোগ্য ; আবার ফাসেক হলে উনার হাদিস পরিত্যাজ্য __ এটা সর্বসম্মতি ব্যাপার। কিন্তু, প্রশ্ন হলো ___ উনার আদালতের ব্যাপারে কোন কিছু জানা না গেলে কি হুকুম হবে ??? অন্য কোন হাদিস না পাওয়া গেলে এই ক্ষেত্রে এমন রাবীর হাদিস গ্রহণযোগ্য হবে কি না ?
[[ অনুগ্রহ করে, প্রশ্নটা না বুঝে থাকলে উপরের প্যারাটা বারবার পড়ুন ]]
এই ব্যাপারে, ফুক্বাহায়ে কেরাম দু'ভাগে বিভক্ত -
১. আবু হানীফা রাহিঃ, কিছু সংখ্যক শাফেয়ী রাহিঃ ও উনার সাথীবৃন্দের মতে, এমন রাবীর খবর / হাদীস ফিকহী মাসালায় গ্রহণযোগ্য।
সূত্র - ইরশাদু তুল্লাবিল হাকাঈক ১১২
২. ইমাম শাফী, কিছু সংখ্যাক মালেকী ও হাম্বলী ইমামদের মতে, এমন রাবীর খবর / হাদিস ফিকহী মাসালায় অগ্রহণযোগ্য।
সূত্র - মুসতাসফা ১ / ১৯
এমন রাবীর - যার আদালতের ব্যাপারে অস্পষ্টতা রয়েছে - হাদীস গ্রহণে উসূল বিদদের মাঝে দু'ভাগ রয়েছে। এক দলের পক্ষে গ্রহণযোগ্য হলে ও অপর পক্ষের জন্য অগ্রহণযোগ্য ছিল। তবে উভয়ের পক্ষে শক্তিমান দলীল বা প্রমাণ রয়েছে -
১. ইমাম আবু হানীফা রাহিঃ ও উনার সাথীবৃন্দের দলীল। উনারা মোট পাঁচটা দলিল পেশ করেছেন ; আমি সেখান থেকে দু'টা তুলে ধরছি -
(ক) একবার মদীনায় রাসূল সাঃ একজন গ্রাম্য লোক থেকে চাঁদ দেখার ব্যাপারে সাক্ষ্য গ্রহণ করেছিলেন। অথচ, রাসূল সাঃ ঐ গ্রাম্য লোকের ব্যাপারে মুসলিম ছাড়া অন্য কোন গুণের ব্যাপারে জানতেন না।
সূত্র : হাদিসটি আবু দাউদে -২৩৪০, তিরমিজিতে - ২৯১, নাসায়ীতে -২১১১ ও ইবনে মাজায় -১৬৫২ নাম্বারে রয়েছে
উনারা বলেন, দেখুন - যদি আদালতের ব্যাপারটা জানা থাকা একান্ত আবশ্যক হতো ; তাহলে রাসূল সাঃ কখনো ঐ গ্রাম্য লোকের আদালত না জানা সত্ত্বেও তার চাঁদের ব্যাপারে সাক্ষী গ্রহণ করতেন না৷
(খ) রাসূল সাঃ এর মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম রাঃ অসংখ্য গ্রাম্য লোক, গোলাম ব্যক্তি ও নারীদের থেকে হাদিসের রেওয়ায়াত গ্রহণ করেছেন। অথচ, সাহাবায়ে কেরাম উনাদের আদালতের ব্যাপারে তেমন কিছু জানতেন না৷
সূত্রঃ রাওজাতুন নাজীর - ১৩৮
২. ইমাম শাফেয়ী, মালেকী ও হাম্বলী ইমামদের রাঃ দলীল। উনারাও মোট পাঁচটা দলীল পেশ করেছেন, তন্মধ্যে আমি দু'টা তুলে ধরলাম -
(ক) খবরে ওয়াহীদ গ্রহণ করার ক্ষেত্রে ঐক্যমত হলো _ রাবী আদীল হতে হবে৷ আর উক্ত রাবীর আদালতের ব্যাপারে যেহেতু কিছুই জানা যায়নি, তাই উনার খবরে ওয়াহিদ বা হাদিসটি গ্রহণ করা যাবে না।
(খ) এমন রাবী যেমনিভাবেই আদালতে বা কোর্টে সাক্ষী গ্রহণযোগ্য নায় ; তেমনি হাদিস গ্রহণের ক্ষেত্রে ও গ্রহণযোগ্য নায় ৷
মোদ্দাকথা, উভয়ের পক্ষে শক্তিমান দলিল থাকায় এক পক্ষের জন্য এমন রাবীর হাদিস গ্রহণযোগ্য হলেও অপর পক্ষের জন্য গ্রহণযোগ্য নয়। আর বিষয়টি এতই দুর্বোধ্য যে, " রাওজাতুন নাজীর " এর মুসান্নীফ রাহিঃ কোন মতকেই তারজীহ বা প্রাধান্য দেননি ৷
তাই, এমন রাবী থেকে হাদিস নিয়ে দলিল পেশ করলে দলিলের আলোকে হানাফী মাজহাবে বিশুদ্ধ হবে এবং বাকিদের মাজহাবে অশুদ্ধ হবে৷ কোনটাকে খাটো করা বা কোন মতকে অশুদ্ধ বলা যাবে না।
এবার আসি মূল আলোচনায় -
আপনারা উপরের আলোচনা থেকে স্পষ্টত বুঝতে পেরেছেন যে, উভয় পক্ষের দালিলিক আলোচনা মজবুত । এখন যদি ইমাম আবু হানীফা রাহিঃ এমন কোন রাবীর খবরে ওয়াহিদ হাদিসটা কোন মাসালায় ইস্তেদলাল বা দলীল হিসেবে পেশ করেন, তাহলে কি হাদিসটা জঈফ হবে ? পরিত্যক্ত হবে ? আমলের অযোগ্য হবে না ?
শেষ কথা, এরকম কিছু মূলনীতির সাথে পরিচিত না থাকায় অথবা ভিন্ন মাজহাবের হওয়ায় কিছু সংখ্যক ভাইয়েরা হানাফী মাজহাবের ইস্তেদলালকৃত হাদিসগুলা গণহারে জঈফ বা দূর্বল বলে থাকেন। আর আমাদের দেশের কিছু সংখ্যক ভাইয়েরা না বুঝে বিষয়টাকে ডামাডোল পিটিয়ে প্রচার করে থাকেন। দোয়া করি, রাব্বে কারীম যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন ৷
বিস্তারিত জানতে, ইমাম গাজালী রাহিঃ এর ' মুস্তাসফা ' পড়বেন। ইবনে কুদামা রাহিঃ এর ' রাওজাতুন নাজীর ' পড়বেন। পৃষ্ঠা নং যথাক্রমে - ১/২৯ ও ১৩৬
আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মাদ