হানাফি মাজহাব এর হাদিস কি জইফ ? ১
অধুনা সময়ে এসে উম্মাহ একটা বিশাল ঝামেলায় আপতিত। চার মাজহাবের প্রসিদ্ধ ইমাম, আবু হানিফা রাঃ মাসালা-মাসাইলে যে হাদিসগুলা রেফার করেছেন, সেগুলোর অধিকাংশ নাকি জঈফ বা দূর্বল __ এমন একটা বিশাল অজ্ঞতাপূর্ণ তুহমত ছড়িয়ে পড়ছে। যারা ছড়াচ্ছেন, তারা নিঃসন্দেহে সত্য জানা সত্যেও কেবল হিংসার বশবর্তী হয়ে মিথ্যা - অপবাদ ছড়াচ্ছেন৷ আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক __ আমীন!
যাহোক, আজকের লেখায় হাদিসের সনদ নিয়ে আলোচনা করব। যদিও বিষয়টি আহলে ইলমদের মধ্যে সীমাবদ্ধ ; তথাপি আশাকরি সবাই সহজপাঠ্য হিসেবে লেখাটি পাবেন৷
মূল কথা -
আমরা জানি, হাদিসের দূর্বলতা দু'দিক থেকে হয়। এক, রাবী বা বর্ণনাকারীর দিক থেকে। দুই, মতন বা মূল হাদিসের দিক থেকে। আমার পর্যালোচনা সনদের দিক থেকে।
আমাদের জানা থাকার কথা, ইমাম বুখারী রাঃ এর জন্মের শতাধিক বছর আগে ইমামে আজম আবু হানীফা রাঃ দুনিয়ায় আগমন করেছেন। এবং তাও জানি যে, ইমাম আবু হানীফা অধিকাংশ মুহাদ্দিসিনদের মতে একজন তাবেয়ী। কারো মতে চারজন, আবার কারো মতে সাতজন সাহাবীর সান্নিধ্য সহ শিক্ষা নিয়েছেন৷
ধরুন,
ইমাম আবু হানীফা একজন তাবেয়ী। তাহলে বলা যায়, তিনি কারো থেকে হাদিস গ্রহণ করলে রাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সর্বোচ্চ দুই স্তর থাকে। তাবেয়ী → সাহাবী → রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম৷
নোটঃ
সাহাবী মানে , যিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন।
তাবেয়ী মানে , যিনি কোন এক সাহাবীকে দেখেছেন ।
ধরুন,
ইমাম বুখারী রাঃ একজন তাবেয়ে তাবেয়ী। তাহলে বলা যায়, তিনি কোন হাদিস গ্রহণ করলে রাবী এবং রাসূল পর্যন্ত অন্তত চার স্তর থাকে। রাবী → তাবেয়ে তাবী → তাবী → সাহাবী → রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবার একটা চার্ট পর্যালোচনা দেখুন,
আচ্ছা, মনে করুন একটা হাদিস বর্ণিত হচ্ছে এভাবে পর্যায়ক্রমে -
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
↓
উমর ইবনু খাত্তাব রাঃ
↓
আলক্বামা বিন ওয়াক্ক্বাস
↓
ইয়াহয়া বিন সাঈদ
↓
সুফিয়ান ইবনে উয়াইনা
↓
মু'আম্মাল ইবনে ইসমাইল
↓
ইমাম বুখারী রাঃ
আশাকরি, চার্ট দেখে বুঝতে পারছেন যে, একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী পর্যন্ত পৌঁছেছে৷
এখন ইমাম আবু হানীফা ও বুখারীর নিকট এই হাদিসের মান নিয়ে আলোচনা করি -
সংক্ষেপে বলি,
হাদিসটি ইমাম আবু হানীফা রাঃ এর নিকট সহীহ এবং বুখারী রাঃ এর নিকট জঈফ। এবং উভয়ের সিদ্ধান্ত সহীহ বা বিশুদ্ধ।
বলবেন কিভাবে ?
জ্বী, তাহলে এবার গভীর মনযোগ দিয়ে বুঝার চেষ্টা করুন।
ইমাম আবু হানীফা রাঃ এর নিকট হাদিসটি সহীহ বা বিশুদ্ধ -
কারণ, তিনি হাদিসটি গ্রহণ করেছেন - আলকামা রাঃ থেকে । কেননা, আবু হানীফা রাঃ উনাকে উনার জীবদ্দশায় পেয়েছেন এবং শিক্ষাদীক্ষা নিয়েছেন। আর সর্বসম্মতিক্রমে, আলক্বামা রাঃ একজন সিকাহ বা নির্ভরযোগ্য রাবি। তাই আবু হানীফার হাদিস গ্রহণ সহীহ বা বিশুদ্ধ৷ কারণ, উনার পর্যন্ত হাদিসের সনদে বা রাবীদের মাঝে কোন সমস্যা নাই।
ইমাম বুখারীর নিকট হাদিসটি জঈফ বা দূর্বল -
কারণ, তিনি হাদিসটি গ্রহণ করেছেন মু'আম্মাল ইবনে ইসমাইল থেকে। আর, মু'আম্মাল যেহেতু স্মৃতি শক্তির ব্যাপারে সমালোচিত, তাই ইমাম বুখারী রাঃ উনার বর্ণিত হাদিসটা " সহীহুল বুখারীতে " স্থান দেন নাই। " উমার ইবনে খাত্তাব " থেকে নিয়ে " সুফিয়ান ইবনে উয়াইনা " পর্যন্ত সকল রাবী সিকাহ হওয়া সত্ত্বেও কেবল " মু'আম্মাল ইবনে ইসমাইল " এর কারণে ইমাম বুখারী রাঃ হাদিসটি " সহীহুল বুখারীতে " স্থান দেন নি।
এবার গভীরভাবে চিন্তা করে বলুন,
ইমাম আবু হানীফার হাদিস গ্রহণ কি অশুদ্ধ ? মোটেও না ! কারণ, ইমাম বুখারী রাঃ যে রাবীর কারণে হাদিসটি জঈফ বলেছেন, ইমাম আবু হানীফা তো উনাকে তথা মু'আম্মালকে পানই নাই৷ মু'আম্মাল এর জন্মের বহু আগে আবু হানীফা রাঃ মৃত্যু বরণ করেছেন। দ্বিতীয়ত, তিনি তো একজন সীকাহ রাবী তথা আলক্বামা থেকে হাদিসটা গ্রহণ করেছেন। তাই নিশ্চিন্তে, আবু হানীফার হাদিস গ্রহণ সহীহ৷
তাই সারাংশে উক্ত হাদিসের পর্যালোচনায় বলা যায় -
ইমাম আবু হানীফার এই হাদিসটি গ্রহণ বিশুদ্ধ। কারণ, তিনি একজন সিকাহ রাবী তথা আলক্বামা থেকে হাদিসটি গ্রহণ করেছেন৷
আবার একই হাদিস ইমাম বুখারীর গ্রহণ অশুদ্ধ৷ কারণ, তিনি হাদিসটি একজন জঈফ রাবী তথা মু'আম্মাল থেকে শুনেছেন।
শেষ কথা,
নতুন দ্বীনে আসা প্রেক্টিসিং মুসলিম ভাইদের অনুরোধ করে বলব , কোন হাদিসের ব্যাপারে জঈফ শব্দ শুনলেই নাক ছিটকাবেন না। জঈফ মানেই পরিত্যাজ্য বা নাক ছিটকানো না। জঈফ হাদিস এর প্রকার সবমিলিয়ে মোট -৪৯ টা রয়েছে। সব ক'টি জঈফ হাদিস পরিত্যক্ত বা আমলের অনুপযুক্ত _ ব্যাপারটা এমন না। তন্মধ্যে কিছু হাদিস আছে, যা আমলের যোগ্য এবং মুহাদ্দিসীনে কেরাম থেকে উক্ত জঈফ হাদিসের উপর আমলের বর্ণনা রয়েছে।
যেমন, ইমাম তিরমিজী রাঃ উনার " জামিউল কাবীর " সম্পরকে বলেন –
جميع ما في هذا الكتاب من الحديث فهو معمول به وقد أخد به بعض أهل العلم ما خلا حديثين...
“আমি এই কিতাবে (সহীহ, হাসান, জঈফ ইত্যাদি ) যে হাদিসগুলো এনেছি, তার উপর কোন না কোন আহলে ইলমের আমল রয়েছে...”
ইমাম তিরমিজী রাঃ এর উক্তি থেকে স্পষ্ট বুঝা যায়, তখনকার সময়ে ইমাম ও মুহাদ্দিসীনদের মাঝে সঙ্গত কারণে কিছু কিছু জঈফ হাদিসের উপরও আমল ছিল।
তাই আমি আমার দ্বীনি ভাইদের বলব, জঈফ হাদিস শুনলেই আঁতকে উঠবেন না। হাদিসটির ব্যাপারে উলামায়ে কেরামদের তাহকীম ( সিদ্ধান্ত ) জানবেন। তারপর, সিদ্ধান্ত নিবেন ইনশাআল্লাহ ! আল্লাহ আপনাদের প্রচেষ্টাতে বারাকাত দান করুক _ আমীন!
সহীহ হাদিস থাকা সত্ত্বেও জঈফ হাদীসের উপর আমল এর একটা উদাহরণ
১. ইবনে আব্বাস রা. এর হাদিস
حدثنا هناد حدثنا يونس بن بكير عن محمد بن إسحاق قال: حدثني داود بن الحصين عن عكرمة عن ابن عباس قال: رد النبي صلى الله عليه وسلم ابنته زينب على أبي العاص بن الربيع بعد ست سنين بالنكاح الأول ولم يحدث نكاحا
ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মেয়ে যাইনবকে প্রথম বিয়ে বহাল রেখেই আবুল আস ইবনুর রাবীকে ছয় বছর পর ফিরিয়ে দিয়েছেন, নতুন করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেননি।
সূত্র - সহীহ্ ইবনু মাজাহ (২০০৯) ও জামে' আত-তিরমিজি, হাদিস নং ১১৪৩ হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ,
২. আমর বিন শুয়াইব রাঃ এর হাদিস -
حدثنا أبو معاوية عن الحجاج عن عمرو بن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم رد ابنته زينب على أبي العاص بن الربيع بمهر جديد ونكاح جديد
আমর ইবনু শুআইব (রাহঃ) হতে পর্যায়ক্রমে তার পিতা ও দাদা থেকে বর্ণিত - রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) স্বীয় কন্যা যাইনাবকে পুনরায় মোহর নির্ধারণ করে এবং নতুন বিয়ের মাধ্যমে আবূল আস ইবনুর রাবীর নিকটে ফিরিয়ে দেন।
যঈফ, ইবনু মাজাহ (২০১০)
ফুটনোটঃ
ইমাম আবূ ঈসা তিরমিজি রহ. বলেনঃ এ হাদীসের সনদ সম্পর্কে সমালোচনা রয়েছে। কিন্তু বিদ্বানগণ এই হাদীসের মর্মানুযায়ী আমল করেছেন। কোন মহিলা যদি প্রথমে ইসলাম গ্রহণ করে এবং তার ইদ্দত পালনের সময়ই তার স্বামী ইসলাম গ্রহণ করে, তবে তার পূর্ব স্বামীর অধিকার অগ্রগণ্য। ইমাম মালিক, আওযায়ী, শাফিঈ, আহ্মাদ ও ইসহাক প্রমুখ ইমামগণের ইহাই অভিমত।
জামে' আত-তিরমিজি, হাদিস নং ১১৪২
হাদিসের মান: দুর্বল হাদিস
Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ
______________
বিশেষ কিছু কথা -
১. প্রথম হাদীসে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন বিবাহ ছাড়াই আপন মেয়েকে পূর্বের বিবাহের উপর ভর করেই স্বামীর কাছে ফিরিয়ে দিয়েছেন। আর দ্বিতীয় হাদিসে বলা হয়েছে যে, নতুন বিবাহ ও মোহর নির্ধারণ করে ফিরিয়ে দেওয়া হয়েছে।
২. প্রথম হাদিসটা সনদের দিক থেকে পূর্ণাঙ্গ সহিহ আর দ্বিতীয় হাদিসটা ক্রটিযুক্ত মানে জঈফ। কিন্তু, এই মাসালায় সহীহ হাদিস থাকা সত্ত্বেও জইফ হাদিসের উপর আমল।
৩. কখন সহীহ হাদিসের উপর আমল আর কখন জইফ হাদীসের উপর আমল করা হবে, তা নিজের জ্ঞান দ্বারা বিবেচনা না করা। মুহাদ্দিস ও মুজতাহিদ ইমামদের ইজতেহাদের উপর ছেড়ে দেওয়া।
৪. সব সহীহ হাদিস যে আমলযোগ্য তা না, আবার সব জইফ হাদিস যে পরিত্যাজ্য তাও না। বরং ক্ষেত্র বিশেষে বিপরীত হতে পারে। তাই কোন মুজতাহিদ ইমাম সহীহ হাদিস থাকা সত্ত্বেও স্বীয় ইজতেহাদের উপর ভিত্তি করে জইফ হাদিসের উপর হুকুম করলে অযথা তোহমত না দেওয়া কিংবা বাড়াবাড়ি না করা।