লেখক অভিমত
আসসালামু আলাইকুম !
আল্লাহর অশেষ মেহেরবানীতে মদীনা বিশ্ববিদ্যালয় পড়ার চান্স পেয়ে যাই। তখনই আশ-পাশ থেকে অনেকেই বলাবলি শুরু করলেন - সে তো মদীনায় যাওয়া মাত্রই ভিন্ন মতাদর্শী বা মাজহাব বিরোধী হয়ে যাবে। কারণ কি ? যা বুঝলাম, অনেকের ধারণা - মদীনা বিশ্ববিদ্যালয় মাজহাব বিদ্বেষ তৈরী করে অথবা সেখানে মাজহাবের বিপরীত কিছু শিখানো হয়।
এরকম নানান আলোচনা-সমালোচনা শুনে খানিকটা বিভ্রান্তি হয়ে যাই। একান্ত ভাবলাম, মদীনা হলো ইলমের প্রাণকেন্দ্র। সেখানে যা পড়ানো বা শিখানো হবে তাই হবে সত্য। সেখানে গিয়ে যদি মাজহাব বিরোধী কিছু পাই আর তা যদি সত্য হয়ে থাকে, তাহলে গ্রহণ করতে অসুবিধা কোথায় ?
যাইহোক, মদীনায় চলে গেলাম। এক এক করে অনেক দিন পার করে ফেললাম। অল্প অল্প করে পড়াশোনা করে বুঝতে পারলাম যে, দেশে থাকাকালীন যা সমালোচনা শুনেছিলাম, তা আদৌও সত্য নয়। এমনকি, একদিন ভাষা কোর্সের একজন সম্মানীত শিক্ষকের সাথে খোলামেলা কথা বলে নিশ্চিত হলাম যে, মদীনা বিশ্ববিদ্যালয় কখনো মাযহাব এর বিরোধীতা লালন করে না। বরং, ফিকাহ শাস্ত্রে চার মাজহাবের ইমামদের মতামতই পড়ানো হয়।
ভাষা কোর্স শেষ করে অনার্স ল্যাভেলে উত্তীর্ণ হলাম। অনার্সে সাব্জেক্ট নিলাম - শারীয়াহ বিভাগ। যেখানে ইসলামীক আইন-কানুন ও শারীয়ার সকল মাসালা-মাসাইল পড়ানো হয়।
পড়তে পড়তে এক পর্যায়ে খুব দ্রুত চাক্ষুষ দেখতে পেলাম যে, মদীনা বিশ্ববিদ্যালয় তো মোটেও মাজহাব বিরোধী নয়, বরং মাযহাবের শিক্ষা-দীক্ষাই দিচ্ছে। ভাবলাম, দেশে কতইনা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আল্লাহ ক্ষমা করুক!
অনার্স কোর্সে যতো পড়ি, ততো মাজহাবের শিক্ষা পাই আর সম্মানীত চার ইমামদের প্রতি শ্রদ্ধাশীল হই। আর দেরী কেন ? ভাবলাম, এই ভুল-তথ্যে আটকে আছে হয়তো অনেক সাধারণ মানুষ। তাদেরকে সঠিকটা জানান দিতে হবে। প্রিয় বিশ্ববিদ্যালয় নিয়ে মানুষের মাঝে তৈরী হওয়া বিভ্রান্তি দূর করতে হবে।
এক পর্যায়ে এসে লেখালেখি শুরু করি। তখন মানুষের নানান প্রশ্ন আসে, জবাব দিতে চেষ্টা করি। আরেকটু সামনে অগ্রসর হয়ে মাজহাবের বিভিন্ন বাস্তবতা নিয়ে লেখি, মাজহাব বিষয়ক নানান প্রশ্নের জবাব দিতে থাকি। এভাবে এক সময় বেশ কিছু লেখা জমা হয়ে যায়।
এরই মধ্যে কয়েকজন সু-হৃদ পরামর্শ দিতে লাগলেন যে, সকল লেখাকে একত্র করে একটা বই বের করা। কেউ বলছেন গুগল এপ্স তৈরী করা। বই নাকি গুগল এপ্স? কোনটি ভালো হবে?
এমন প্রশ্নে সার্বিক দিক বিবেচনায় বইয়ের পরিবর্তে এপ্স তৈরীর পরিকল্পনা গ্রহণ করি। উল্লেখ্য কারণ দু'টি -
১. একটা বই সহজে সবার কাছে পৌঁছতে পারবে না, তবে আধুনিক এই সময়ে মাত্র অল্প কিছু এম্বী ব্যয় করে সকলের কাছে বিনা মূলে এপ্স পৌঁছে যাবে।
২. বই সবসময় সবার হাতে থাকে না, তবে এপ্স সবার সাথে সবসময় থাকা সম্ভব। যখনই ইচ্ছা পড়তে পারবে, গাড়িতে-বাড়িতে কিংবা শুয়ে-বসে। আবার যখনই প্রয়োজন, সেখান থেকে কপি করে লেখা অন্যকে দিতে পারবে। যা বইয়ের ক্ষেত্রে সম্ভব হবে না।
ইত্যাদি ভাবনা থেকে বইয়ের পরিবর্তে এপ্স তৈরীর সিদ্ধান্ত গ্রহণ করি। অবশেষ, আল্লাহর অশেষ মেহেরবানীতে এপ্সটি সকলের হাতে হাতে পৌঁছে দিতে চেষ্টা শুরু করি। এই কাজে অনেক দ্বীনি ভাই সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন। সবার জন্য আল্লাহর কাছে উত্তম বদলা কামনা করি। মহান রাব্বে কারীম যেন পাঠককে সঠিক বুঝার তাওফীক দান করেন।
শেষ কথা, এপ্সটিতে অগুছালো / অপরিপক্ক হাতে লেখা কিছু লেখা রয়েছে। বিভিন্ন পুস্তক পড়ে নানান সময়ে বিবিধ বিষয়ে লিখেছি। অবশেষ দীর্ঘ সময়ের লেখা এক জায়গায় জমা করার চেষ্টা করেছি। এতে ভুল-ভ্রান্তি মানবিক গুণে থাকাটাই স্বাভাবিক । যে কোন প্রকারের ভুল ত্রুটি কারো পরিলক্ষিত হলে প্রথমত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অতঃপর, মেহেরবানী করে আমাকে নিম্নোক্ত ঠিকানায় অবগত করবেন। আমি অবশ্যই ঠিক করে নিব, ইনশা আল্লাহ !
আহসানাল্লাহু ইলাইকুম !
আব্দুল কারীম আল-মাদানী
প্রথম রামাদান, ১৪৪২ হিজরী
ইমেইল - abdulkarimchy89@gmail.com